
নাট্যদল দৃষ্টিপাতের ৩০ বছর পূর্তি হবে কাল ১১ নভেম্বর। এ উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল রোববার শুরু হলো ‘নাট্যযাত্রার ত্রিশ বছর’ নামে নাট্যোৎসব।
খুব বেশি জাঁকজমক ছিল না, কিন্তু ছিল উৎসব আবহ। হেমন্তের মিষ্টি রোদ বিদায় নিতে নিতে নাট্যশালার সামনে উন্মুক্ত করিডরে হাজির হতে থাকেন দর্শক। দলের নতুন-পুরোনো সদস্যরা তো ছিলেনই, উৎসবে শামিল হতে আরও যোগ দিয়েছিলেন ঢাকার মঞ্চনাটকের নানা দলের কর্মীরা। নানা বয়সী নাট্যকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সচকিত হয়ে ওঠে উৎসব আঙিনা। গতকাল সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। ছয় দিনব্যাপী এ নাট্যোৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান। এ সময় উৎসব কমিটির আহ্বায়ক আবদুল হালিম আজিজের সভাপতিত্বে অতিথি ছিলেন নাট্যজন ইনামুল হক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান।
উদ্বোধনী আলোচনায় বক্তাদের সংক্ষিপ্ত আলোচনায় উঠে আসে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামে নাট্যকর্মীদের সোচ্চার ভূমিকা ও চলমান যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনেও সেই ভূমিকা অক্ষুণ²থাকার কথা। বক্তারা বলেন, নাটকের মধ্য দিয়ে সব সময়ই উচ্চারিত হয়েছে অসাম্প্রদায়িক স্বদেশ বিনির্মাণের বার্তা। প্রতিধ্বনিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর নাট্যশালার মূল মঞ্চে মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে নাটক প্রমিথিউস। পরীক্ষণ থিয়েটার হলে নাট্যদল ‘নাট্যধারা’ মঞ্চস্থ করে আয়না বিবির পালা। প্রমিথিউস নাটকে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, সৈয়দ লুৎফর রহমান, শাহনেওয়াজ, জাহিদুল কামাল, উৎপল চক্রবর্তী, হাবিবুর রহমান, ইকবাল চৌধুরী প্রমুখ। আয়না বিবির পালায় অভিনয় করেছেন লিটু সাখাওয়াত, শামীমা আক্তার, গাজী রহিসুল ইসলাম, লিয়ন ইমাম, রুবেল শ্রাবণ, হাফসা, দুখু সুমন প্রমুখ।
উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হলে দুটি করে নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া প্রতিদিন বিকেল পাঁচটায় নাট্যশালার বহিরাঙ্গনের উন্মুক্ত মঞ্চে থাকবে সংগীত, পথনাটকসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। আজ সোমবার নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে লোকনাট্য দলের (সিদ্ধেশ্বরী) প্রযোজনা কঞ্জুস। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাট্যতীর্থের নাটক কঙ্কাল।
কোরিয়ার মুখোশ ও পরিবেশনা শিল্প নিয়ে কর্মশালা
বাংলাদেশের মঞ্চ নাট্যশিল্পীদের অদম্য প্রয়াসকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, কোরিয়া থেকে আসা কোরিয়ান নাট্যবিশেষজ্ঞ দ্বারা পরিচালিত ‘ট্রেডিশনাল কোরিয়ান মাস্ক অ্যান্ড পারফর্মিং আর্ট’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করছে। কাল ১১ ও পরদিন ১২ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই কর্মশালা। কর্মশালা আয়োজনে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ।
কর্মশালায় অংশগ্রহণের জন্য ন্যূনতম নৃত্য সম্পর্কে জ্ঞান রাখে এমন নাট্যশিল্পীদের শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পঞ্চম তলায় থিয়েটার ক্লাবে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।