দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বই
অমর একুশে গ্রন্থমেলায় বিচিত্র বইয়ের উপস্থাপন আর পাঠকের ভিড়ে একটি স্টল ছিল ব্যতিক্রম। বটতলার কাছে এই স্টলের অবস্থান। স্টলটির নাম ‘প্রেরণা ব্রেইল কর্নার।’ এখানে মিলল কয়েকজন দৃষ্টিহীন মানুষ। হাতের স্পর্শে গভীর মনোযোগে পড়ছিলেন তাঁরা। বাইরে আরও কয়েকজন। দৃষ্টি প্রতিবন্ধীদের বইয়ের স্টল এটি। গতকাল মেলারমূল মঞ্চে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল সংস্করণ মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ইতিহাস বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সৈয়দ আক্তার হোসেন সহ আরও অনেকে। শুভেচ্ছা বক্তব্য দেন নাজিয়া জাবীন।প্রেরণার সদস্য নাজিয়া জাবীন বলেন, বইমেলায় অগণিত মানুষের মধ্যে অনেক দৃষ্টিপ্রতিবন্ধীও থাকেন। তাঁদের নিশ্চয়ই নিত্যনতুন বই পড়ার ইচ্ছে হয়, তাঁদেরও অধিকার আছে পড়ার। বিষয়টি চিন্তা করে মেলায় বিশেষভাবে লেখা বই নিয়ে এসেছে প্রেষণা ব্রেইল কর্নার। বাংলা থেকে ব্রেইল পদ্ধতিতে অনুবাদের সফটওয়্যারের আবিষ্কারক সৈয়দ আক্তার হোসেন। মেলায় ইতিমধ্যে পাথরের স্যুপ, নূরী কাহিনীসহ বেশ কয়েকটি ব্রেইল পদ্ধতির বই এসেছে। নাজিয়া জাবীন জানালেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানের পক্ষে আরও বেশ কিছু ব্রেইল গ্রন্থ প্রকাশের পরিকল্পনা আছে। অনুষ্ঠানে ফেরদৌসী মজুমদারের একটি বই নিজ উদ্যোগে প্রকাশের ঘোষণা দেন রামেন্দু মজুমদার। শেষে স্যালভেশান আর্মির শিশুশিল্পীরা ‘আজকে আমার ছোট্ট শিশু’ গানটি পরিবেশন করে।