দৃষ্টির রজতজয়ন্তী উৎসব
বেশ গোছালো আয়োজন। অনুষ্ঠান শুরুর আগেই ভরে উঠেছিল মিলনায়তন। শিল্পীরা ব্যস্ত ছিলেন অনুশীলনে। নানা রকমের লোকজ অনুষঙ্গ আর গাছের ডালপালা দিয়ে সাজানো মঞ্চ। সাংস্কৃতিক সংগঠন দৃষ্টির রজতজয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ছিল যত্নের ছাপ।১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি।সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনের উৎসব। সন্ধ্যায় উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর এবং আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কামউল্লাহ। অতিথিরা মঞ্চে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন।উৎসবের প্রথম দিনে দৃষ্টি পরিবেশন করে আবৃত্তি প্রযোজনা ‘জাগে মন জাগে বোধ’। এটির নির্দেশনা দিয়েছেন বিলকিস রহমান। ছিল লোকসংগীতের অনুষ্ঠান ‘মন পবনের নাও’।আজ শনিবার উৎসবের শেষ দিনে দলীয় আবৃত্তি পরিবেশন করবে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমী, সংবৃতা আবৃত্তি চর্চা কেন্দ্র ও বিকাশ কেন্দ্র, বাকশিল্পাঙ্গন এবং দৃষ্টি। দলীয় গণসংগীত পরিবেশন করবে উদীচী, ঋষিজ, বহ্নিশিখা ও দৃষ্টি।