দেওয়া হলো রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক
মঞ্চে আসীন প্রধান অতিথিসহ দুজন সংবর্ধিত অতিথি। তাঁদের ঘিরে নীলাভ আলোয় জ্বলে উঠল প্রদীপ। নৃত্যের তালে তালে বরণ করে নিলেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সদস্যরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তাঁরা।
গতকাল জাতীয় নাট্যশালায় ‘দস্যু বনহুর’ সিরিজের লেখিকা রোমেনা আফাজের ৯০তম জন্মজয়ন্তী পালন করে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে ‘রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক ২০১৬’ দেওয়া হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী ও কথাসাহিত্যিক আনিসুল হককে। দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
স্বর্ণপদক পেয়ে অনুভূতি জানান লিয়াকত আলী ও আনিসুল হক। অনুষ্ঠানে অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান, নৃত্যশিল্পী লায়লা হাসান। আলোচনা পর্ব শেষে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী বারামখানা নৃত্যনাট্য পরিবেশন করে। মিলনায়তনের বাইরে ছিল রোমেনা আফাজ স্মৃতি পরিষদের আয়োজনে তাঁর বইয়ের প্রদর্শনী।