দেওয়া হলো হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ কথাশিল্পী শওকত আলীর হাতে গতকাল এক্মিম ব্যাংক-অন্যদিন হ‌ুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l প্রথম আলো
প্রবীণ কথাশিল্পী শওকত আলীর হাতে গতকাল এক্মিম ব্যাংক-অন্যদিন হ‌ুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l প্রথম আলো

এক্সিম ব্যাংক-অন্যদিন প্রবর্তিত হ‌ুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার দেওয়া হলো গতকাল। জনপ্রিয় এই ঔপন্যাসিকের ৬৭তম জন্মদিনের প্রাক্কালে গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
কথাশিল্পে সামগ্রিক অবদানের জন্য এ বছর কথাশিল্পী শওকত আলী পেয়েছেন এ পুরস্কার। পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা, স্মারক ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয় এই গুণী লেখকের হাতে। একই মঞ্চে নবীন লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন সাদিয়া মাহ্জাবীন ইমাম। তাঁকে দেওয়া হয়েছে এক লাখ টাকা।
অনুষ্ঠানের শুরুতে পুরস্কার প্রবর্তনের প্রেক্ষাপট তুলে ধরেন পাক্ষিক অন্যদিন-এর সম্পাদক মাজহারুল ইসলাম। আয়োজনে নিজেদের অংশগ্রহণের প্রাসঙ্গিকতা নিয়ে বলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া। স্মৃতিচারণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, হ‌ুমায়ূন আহমেদের অনুজ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, স্ত্রী মেহের আফরোজ শাওন এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। লেখককে মূল্যায়ন করে পুরস্কারের গুরুত্বের সামগ্রিক দিক তুলে ধরেন বিচারকমণ্ডলীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। শওকত আলীর উদ্দেশে শংসাবচন পাঠ করেন লেখক-শিক্ষাবিদ হায়াৎ মামুদ এবং সাদিয়া মাহ্জাবীন ইমামের উদ্দেশে কথাশিল্পী পূরবী বসু।

শেষে গান শোনান কণ্ঠশিল্পী এস আই টুটুল।

জন্মদিনের নানা আয়োজন: আজ ১৩ নভেম্বর হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে প্রিয় লেখকের জন্মদিন উদ্‌যাপন করবে। হ‌ুমায়ূন আহমেদের প্রকাশকেরা শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে একক বইমেলা করবেন। এ ছাড়াও নুহাশপল্লীতেও রয়েছে বিভিন্ন আয়োজন। হ‌ুমায়ূনভক্ত তরুণ প্রজন্মের সংগঠন হিমু পরিবহন ১২ নভেম্বর রক্তদান কর্মসূচি পালন করে।

জন্মদিন উপলক্ষে তাঁর পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে আজ দিনব্যাপী হ‌ুমায়ূন মেলা অনুষ্ঠিত হবে। প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি জানান, হ‌ুমায়ূন আহমেদের নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ কর্তৃপক্ষ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে।