দেওয়া হলো সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই স্টুডিওতে ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৭’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে অতিথিরা। ছবি: প্রথম আলো
চ্যানেল আই স্টুডিওতে ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৭’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে অতিথিরা। ছবি: প্রথম আলো

ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। বাকি ছিল যথাযথ লেখকের হাতে পুরস্কারটি তুলে দেওয়া। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই স্টুডিওতে কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক আর বিশিষ্টজনের উপস্থিতিতে মিলনমেলা বসেছিল। এখানে আনন্দঘন আর উৎসবমুখর আবহে প্রবীণ ও নবীন লেখকদের উপস্থিতিতে ১০ লেখকের হাতে তুলে দেওয়া হয় ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৭’। 

রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিটিব্যাংক এনএ-এর কান্ট্রি ট্রেজারার ও মার্কেটস প্রধান সাজেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পুরস্কারের প্রেক্ষাপট তুলে ধরেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান।
এবার ‘ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা বিভাগে অনন্যা থেকে প্রকাশিত ‘উনিশ শতকে পূর্ববঙ্গে ব্রাহ্ম আন্দোলন’ গ্রন্থের জন্য পুরস্কৃত হয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন; কবিতায় যৌথভাবে আবিষ্কার থেকে প্রকাশিত ‘জো’ কাব্যগ্রন্থের জন্য কবি হাবিবুল্লাহ সিরাজী ও জার্নিম্যান থেকে প্রকাশিত ‘সাত দেশের কবিতা’ অনুবাদ কাব্যগ্রন্থের জন্য কবি মুহাম্মদ সামাদ; শিশুসাহিত্যে (যৌথভাবে) কিশোর উপন্যাসে ‘হাশেম খানের ছবির গল্প মধুবক’ গ্রন্থের জন্য হাশেম খান ও ছড়ায় চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত ‘লাল জেব্রার ম্যাজিক’ ছড়া গ্রন্থের জন্য ছড়াকার লুত্ফর রহমান রিটন; উপন্যাসে যৌথভাবে প্রথমা থেকে প্রকাশিত ‘প্রিয় এই পৃথিবী ছেড়ে’ গ্রন্থের জন্য কথাশিল্পী আনিসুল হক এবং কথাপ্রকাশ থেকে প্রকাশিত ‘ডুগডুগির আসর’ গ্রন্থের জন্য কথাশিল্পী প্রশান্ত মৃধাকে পুরস্কৃত করা হয়েছে।
তরুণ লেখক ক্যাটাগরিতে (জীবনের প্রথম বই) সময় থেকে প্রকাশিত ‘প্রকাশকনামা ও হুমায়ূন আহমেদ’ গ্রন্থের জন্য ফরিদ আহমেদ, কথাপ্রকাশ থেকে প্রকাশিত ‘মেঘ ও বাবার কিছু কথা’ গ্রন্থের জন্য দ্বিতীয় সৈয়দ হক ও অনন্যা থেকে প্রকাশিত ‘নীল ফড়িং কাব্য’ গ্রন্থের জন্য শানারেই দেবী শানু পুরস্কৃত হয়েছেন। ‘ক’ শাখায় প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩০ হাজার টাকা ও একটি ক্রেস্ট আর ‘খ’ শাখায় পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক, অনন্যার প্রকাশক মনিরুল হক, কথা প্রকাশের স্বত্বাধিকারী জসিম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কারপ্রাপ্ত কবি-লেখকদের অভিনন্দন জানিয়ে বলেন, বইমেলায় প্রকাশিত মানসম্পন্ন বইয়ের লেখককে এবার সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান করায় একদিকে যেমন বইয়ের মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে, অন্যদিকে লেখকেরা ভালো লেখায় উদ্বুদ্ধ হবেন।
ফরিদুর রেজা সাগর বলেন, ‘সিটিব্যাংক এনএ-কে সঙ্গে নিয়ে আনন্দ আলো নয় বছর ধরে দেশের প্রতিষ্ঠিত ও নবীন লেখকদের সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। সবকিছু মিলিয়ে সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার আমাদের সাহিত্য অঙ্গনে বিপুল আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান লেখক-প্রকাশকদের কাছে অনুরোধ করেন বই প্রকাশে সংখ্যার চেয়ে মানের দিকটাকে বেশি গুরুত্ব দিতে।