
যাঁরা শুরু করেছিলেন দেওয়ান গাজীর কিস্সা, তাঁদের বয়স ছিল বিশ–তিরিশের ঘরে। তাঁরাই ষাট–সত্তরে এসে আবার অভিনয় করছেন। শোনা যাক তাঁদের কথা
নাটকটি আবার মঞ্চে আনার পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল, কিন্তু বিভিন্নজনের ব্যস্ততার আর যানজটের (হ্যাঁ, ট্রাফিক জ্যাম) কারণে ঠিক নাটকটা নির্মাণ হয়ে উঠছিল না। একদিক থেকে ভালোই হয়েছিল বোধ হয়। নাটকটি সর্বশেষ অভিনীত হয়েছিল ২০০৩ সালে। প্রায় এক যুগ পর এটি আবার মঞ্চে আসছে কাল ১১ সেপ্টেম্বর। পুরোনো যাঁরা ছিলেন, তাঁরাও কেউ কেউ আছেন এবার। তার মধ্যে অন্যতম দেওয়ান গাজী রূপে আলী যাকের, মাখনের চরিত্রে আবুল হায়াত। আর আমি চামেলীর চরিত্রে।
আবার মঞ্চে আসা নিয়ে হায়াত ভাই সুন্দর বলেছেন, ‘নাগরিক নাট্য সম্প্রদায়ের এই অবধি সবচেয়ে জনপ্রিয় মঞ্চনাটক দেওয়ান গাজীর কিস্সা। প্রায় ৪০০ মঞ্চায়ন হওয়ার পর নাটকটি বন্ধ হয়ে যায়। ১২ বছর আগে নাটকটির শেষ মঞ্চায়ন হয় এবং সেটিই ছিল মঞ্চে আমার শেষ অভিনয়। পরবর্তী সময়ে আমি টিভির নাটকের কাজকে পেশা হিসেবে গ্রহণ করে মঞ্চ থেকে দূরে চলে আসি। তবে মঞ্চের প্রতি আজও আমার ভালোবাসা অটুট রয়েছে এবং তীব্র আকর্ষণ রয়েছে। তাই নাগরিক নাট্য সম্প্রদায়ের ডাক পেয়ে, বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের আহ্বানে এককথায় রাজি হয়ে যাই পুনরায় দেওয়ান গাজীর কিস্সার মাখন চরিত্রে অভিনয় করার জন্য। মঞ্চে অভিনীত মাখন চরিত্রের বয়স মাত্র ২৫ বা ৩০। প্রথম যখন আমি এই চরিত্রে অভিনয় করি, তখন আমার বয়সও তা-ই ছিল। যেহেতু এখন আমার বয়স ৭১, সুতরাং এখন এটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করছি, আগের সেই উদ্যমের সঙ্গে অভিনয় করে দর্শকের মন জয় করতে পারব। প্রথম দেওয়ান গাজীর কিস্সা মঞ্চায়ন হয় ১৯৭৭ সালে। তখন থেকে সঙ্গে ছিলেন বন্ধু আলী যাকের। এত বছর পরও তাঁকে পাব সহযোগী অভিনেতা হিসেবে। খুবই ভালো লাগছে। অত্যন্ত আগ্রহের সঙ্গে সেই দিনটির জন্য অপেক্ষা করছি।’
আলী যাকের বললেন, ‘সেই ৩০-৩২ বছর বয়সে এক ষাটোর্ধ্ব বৃদ্ধের ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচন করেছিল আমার নির্দেশক আসাদুজ্জামান নূর। ভালোই করেছিলাম বোধ হয়। কেননা, সেই নাটক হইহই করে প্রায় ৪০০ প্রদর্শনী হয়েছিল। তারপর দীর্ঘদিন ধরে, তা প্রায় দুই যুগ তো হবেই, মঞ্চের বাইরে ছিল নাটকটি। ইতিমধ্যে বয়স অনেক বেড়েছে। দেওয়ান গাজীর চরিত্রের যে বয়স, আমার বয়স তা ছাড়িয়ে গেছে। আবার ডাক পড়ল সেই চরিত্রে অভিনয়ের। কতটুকু সফল হব, তা জানি না, তবে চেষ্টার ত্রুটি হবে না। ভাবতেই ভালো লাগছে, আবার সেই গান উদাত্ত কণ্ঠে শোনা যাবে মঞ্চে, “এ গাজী দেওয়ান গাজী, গাঁও-গেরামের সবাই চেনে এক নামে”!’
দেওয়ান গাজীর কিস্সা নাটকের পুনর্মঞ্চায়ন প্রসঙ্গে প্রথমেই বয়সের প্রসঙ্গ আসে। সত্যিই তো, আমরা যারা প্রথম মঞ্চায়নে ছিলাম, তারা এখন ৪০ বছর পার হয়ে এসেছি। এটা কেমনই-বা দেখাবে মঞ্চে। নূর ভাই (এই নাটকের নির্দেশক এবং রূপান্তরকারী) তো এও বলে বসেছিলেন, ‘সবগুলো চরিত্র পুরোনোদের দিয়ে করাবেন?’ লাকী ইনাম, রওশন আরা হোসেন, জামাল উদ্দীন হোসেন প্রমুখ—আমরা সেটাকে সমর্থন করতে পারিনি। অনেকে এখন অন্য দলে, অন্য দেশে। বিরাট ঝক্কি।
যা-ই হোক, দেওয়ান গাজীর কিস্সা মঞ্চে আবার নামানোর দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। তবে এই সিদ্ধান্ত হলো যে আসাদুজ্জামান নূর যেভাবে পরিকল্পনা করেছিলেন, দেওয়ান গাজীর কিস্সাও সে রকমই থাকবে। নতুন নির্দেশনার কোনো প্রয়োজন নেই।
সমস্যা শুরু হলো মহড়ার সময়। নতুন যারা করছে, পুরোনোদের কেউ কেউ তাদের চরিত্র বুঝিয়ে দিচ্ছেন। কেউ দেওয়ান গাজীর সঙ্গে আছেন প্রায় ৪০ বছর, কেউ ৩০, কেউবা ২৫। সবার ধমনিতে বইছে দেওয়ান গাজীর সুর ও সংলাপ।
আরেকটা মজার ব্যাপার হলো, আমরা উপলব্ধি করলাম, আগের সবকিছু রাখব, সেটা যেমন প্রয়োজন; তার চেয়েও বড় উপলব্ধি, আমরা একটা সময়কে উপস্থাপন করছি। টিনের বালতি, গ্লাস ও বাসন খুঁজে পেতে আমাদের বেশ কসরত করছে হয়েছে।
দেওয়ান গাজী চাইলেই ‘খোদা হাফেজ’-এর পরিবর্তে ‘আল্লাহ হাফেজ’ বলতে পারছেন না।
আজ (৭ সেপ্টেম্বর) তো আমার দরজি বলেই বসল, ‘আপু, ব্যাপারী-শার্ট বানাইতে যে ঝামেলা হয়েছে, দরজিই খুঁজে পাওয়া যায় না, যে ব্যাপারী-শার্ট চেনে।’
এই হচ্ছে অবস্থা, তারই মধ্যে আমরা দেওয়ান গাজীর কিস্সার মহড়া চালিয়ে যাচ্ছি। মুগ্ধ হয়েছি সংলাপের বাঁধুনিতে, মুগ্ধ হয়েছি আলী যাকের আর হায়াত ভাইয়ের অভিনয় দেখে।