সাদাকালো ছবিটি নাগরিক নাট্য সম্প্রদায়ের দেওয়ান গাজীর কিস্সা নাটকের। বের্টল্ড ব্রেখটের মূল গল্প থেকে রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর আর নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। নাটকটির ছবিতে দেখা যাচ্ছে আলী যাকের ও আতাউর রহমানকে। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আলী যাকের, আতাউর রহমানের নাম মুক্তার। নাটকটির ছবির মুহূর্তের কথা বলতে গিয়ে আলী যাকের বলেন, ‘ছবিতে যে দৃশ্যটি দেখা যাচ্ছে, এটি নাটকটির শুরুর দৃশ্য। দৃশ্যটি গ্রামের বাড়িতে। দৃশ্যে দেওয়ান গাজী মদ পান করছেন। আর মুক্তার ঢেলে দিচ্ছেন।’ দেওয়ান গাজীর চরিত্র নিয়ে তিনি বললেন, দেখা যায়, দেওয়ান গাজী যখন মদ্যপ অবস্থায় থাকেন, তখন মহা দিল দরিয়া হয়ে যান। আবার মদ পান করার বাইরে যখন থাকেন, তখন তিনি হিংস্র হয়ে যান।’নাটকটি প্রথম মঞ্চে আসার সময়ের স্মৃতিচারণায় আলী যাকের বলেন, ‘এ নাটকটি নিয়ে মহড়ার দিনগুলোতে অনেক উত্তেজনা কাজ করত। তার আগে আমরা ব্রেখটের আরেকটি নাটক সৎ মানুষের খোঁজে করি। নাটকটি প্রথম প্রদর্শনী থেকেই ঢাকার মঞ্চে সাড়া তোলে। ফলে ব্রেখটের দ্বিতীয় নাটক হিসেবে এই নাটক নিয়ে মহড়ার সময় খুবই উত্তেজনা কাজ করত। প্রথম দিকে মহড়া হতো আমার নিজের বাসা ধানমন্ডিতে। পরে নিউ ইস্কাটন চার্চ কাউন্সিলে। মঞ্চে ওঠার আগে প্রায় তিন মাসেরও বেশি সময় নিয়ে আমরা কাজটি করেছিলাম।’ নাটকটি মঞ্চে ওঠার পরের ঘটনার বর্ণনায় তিনি বলেন, ১৯৭৭ সালের জুন মাসের দিকে প্রথম মঞ্চে আসে নাটকটি। উদ্বোধনী মঞ্চায়ন হয় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। এ নাটকের বেলায় দু-তিনটি প্রদর্শনী হওয়ার পর দর্শকের সাড়া বাড়তে থাকে।’এ পর্যন্ত চার শতাধিকেরও বেশি প্রদর্শনী হয়েছে নাটকটির।