অবশেষে হাত মেলালেন শাহরুখ খান-সালমান খান। চার বছর আগে ক্যাটরিনা কাইফের জন্মদিনে গড়া বরফ গলেছে গত সোমবার, যশরাজ স্টুডিওতে। দেওয়ালির ছবি জব তাক হ্যায় জান-এর প্রিমিয়ার শোতে এসে সালমান জড়িয়ে ধরেছেন শাহরুখকে। এত দিন দুজন দুজনার ছায়া না মাড়ালেও যশ চোপড়ার শেষ ছবির খাতিরে আবারও এক হলেন দুই খান। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বলিউডের তাবৎ রাঘব-বোয়াল—দিলীপ কুমার, অমিতাভ বচ্চন থেকে শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, প্রীতি জিনতা, ঐশ্বরিয়া রাই বচ্চন, সঞ্জয় দত্ত, আমির খান, অক্ষয় কুমার, হূতিক রোশন, অভিষেক বচ্চন প্রমুখ। অপেরা স্টাইলে মাত্র এক দিনের জন্য চোখ-ধাঁধানো সিনেমা থিয়েটার নির্মাণ করেছিলেন পামেলা চোপড়া, সদ্য প্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে। প্রিমিয়ার শো শেষে সবাই একটি কথাই বলেছেন, এটি ছিল ‘মাদার অব অল প্রিমিয়ার শো’।গত শুক্রবার নয়, মঙ্গলবার (দেওয়ালিতে) মুক্তি পেয়েছে জব তাক হ্যায় জান। সঙ্গে অজয় দেবগন প্রযোজিত সন অব সরদার। বলিউড বিশ্লেষকদের মতে, এই সপ্তাহ ইতিহাসের পাতায় স্থান পেতে পারে। প্রথমবারের মতো একই দিনে মুক্তি পাওয়া দুটি ছবিই ১০০ কোটির ওপর ব্যবসা করার যোগ্যতা রাখে। ছবি মুক্তির আগে অনেক জল ঘোলা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত দর্শক সাগ্রহে দুটি ছবিকেই বরণ করে নিয়েছেন। সমালোচকদের কলমের খোঁচায় জব তাক হ্যায় জান এগিয়ে থাকলেও আমজনতা শিস, তালি সব বরাদ্দ রেখেছে সন অব সরদার-এর জন্য।প্রথমবারের মতো শাহরুখ-ক্যাটরিনার জুটি জব তাক হ্যায় জানকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অনেকের মতে, এত দিনে ক্যাটরিনা পুরস্কার পাওয়ারযোগ্য অভিনয় করলেন! আনুশকা শর্মার জন্যও পার্শ্ব অভিনেত্রীর সব কটি পুরস্কার বরাদ্দ হয়ে গেছে। ওদিকে সন অব সরদার ছবিতেও প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অজয় দেবগন-সোনাক্ষী সিনহা। দুজন আলাদাভাবে প্রশংসিত হলেও এই জুটিকে নিয়ে দর্শকের প্রতিক্রিয়া বেশ ‘ঠান্ডা’। ৫০ কোটি রুপি বাজেটের জব তাক হ্যায় জান আজ-কালের মধ্যেই মূলধন উঠিয়ে আনবে। সন অব সরদার সে তুলনায় একটু পিছিয়ে। এ ছবির বাজেট ৮০ কোটি। তবে অজয় দেবগনের তিনটি ১০০ কোটি রুপি (গোলমাল ৩, সিংঘাম ও বোল বচ্চন) এবং সোনাক্ষীর দুটি ১০০ কোটি রুপির (দাবাং ও রাউডি রাঠোড়) ট্র্যাক রেকর্ড বলে সন অব সরদার-এর সেঞ্চুরি করাটাও এখন সময়ের ব্যাপার মাত্র।জব তাক হ্যায় জান প্রেমের ছবি, আবেগের ছবি। বিগত বছরগুলোয় দেওয়ালিতে মুক্তি পাওয়া ডর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, রাজা হিন্দুস্থানি, দিল তো পাগল হ্যায়, কুচ কুচ হোতা হ্যায়, মোহাব্বতে, বীর-জারা ও ওম শান্তি ওমও প্রেমের ছবি। তুলনায় সন অব সরদার কমেডি ছবি। সাম্প্রতিক বছরগুলোয় দেওয়ালিতে মুক্তি পাওয়া গোলমাল ৩, অল দ্য বেস্ট, গোলমাল রিটার্নস, গরম মসলা ও বড়ে মিয়া ছোটে মিয়াও কমেডি ছবি। সুতরাং, সন অব সরদারকে দুর্বল প্রতিপক্ষ ভাবার কারণ নেই। ছবি ভালো হলে দেওয়ালিতে একই দিনে মুক্তি পাওয়া দুটি ছবিই সুপারহিট হয়েছে। (১৯৯৮ সালে কুচ কুচ হোতা হ্যায় ও বড়ে মিয়া ছোটে মিয়া; ২০০৪ সালে বীর-জারা ও অ্যাইতরাজ; ২০০৮ সালে ফ্যাশন ও গোলমাল রিটার্নস)। জব তাক হ্যায় জান অবশ্য বেশ কিছু তালিকায় এগিয়ে আছে। পাঁচ দশকের বেশি সময় ধরে জনপ্রিয় প্রয়াত যশ চোপড়ার তুলনায় সন অব সরদার-এর পরিচালক অশ্বিনী ধীর অতটা দক্ষ নন। তেলেগু ছবি মারইয়াদা তামান্না, যেটি কিনা ১৯২৩ সালে নির্মিত হলিউডের নির্বাক ছবি আওয়ার হসপিটালিটি’র হুবহু অনুকরণ, সেই ছবিকেই হিন্দি ভাষায় অশ্বিনী নির্মাণ করেছেন সন অব সরদার নাম দিয়ে। জব তাক হ্যায় জান ছবিতে এ আর রহমান-গুলজার জুটির গান শুরুতে শ্রোতারা অতটা পছন্দ করেননি। তবে ধীরে ধীরে ‘সাঁসে’, ‘ইশক শাভা’, ‘জিয়ারে’, ‘জব তাক হ্যায় জান’, ‘হির’সহ প্রতিটি গান, বিশেষ করে শাহরুখের আবৃত্তি এখন টপচার্টের শীর্ষে। তুলনায় সন অব সরদার-এর একটি গান হিট—‘পো পো’। শিশুদের টার্গেট করে নির্মিত এই গান অনেকের বিরক্তির কারণ হলেও সালমান খানের অতিথি পারফরম্যান্সের কারণেই হোক আর হিমেশ রেশামিয়ার সুরের কারণেই হোক ‘হিট’ তকমা পেয়েছে।জব তাক হ্যায় জান দেখে অনেকেই টুইটস দিচ্ছেন, ‘শাহরুখের অভিনয় দেখে নতুন করে প্রিয়জনকে ভালোবাসতে ইচ্ছে হবে। আর যাঁরা এখনো প্রেমে পড়েননি, তাঁরা গভীরভাবে অনুভব করবেন সঙ্গী না থাকার শূন্যতা।’ বোঝাই যাচ্ছে এ বছরের শ্রেষ্ঠ অভিনেতার প্রধান দাবিদার হতে যাচ্ছেন শাহরুখ খান। ছবিতে সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। জীবনের প্রথম অভিনয় ফৌজি সিরিয়ালেও তিনি সেনাবাহিনীতে চাকরি করা যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন। অজয় দেবগনও শুরুতে অ্যাকশন চরিত্রে নিজের নাম কায়েম করলেও দীর্ঘদিন অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করেননি। গত বছর সিংঘাম এবং এ বছর সন অব সরদার-এ তিনি ফিরে এসেছেন অ্যাকশন চরিত্রে। ভারতে প্রায় দেড় হাজার প্রেক্ষাগৃহ ও ভারতের বাইরে বিভিন্ন দেশের ৬৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জব তাক হ্যায় জান। তুলনায় অজয় তেমনটি সুবিধা পাননি প্রদর্শকদের কাছ থেকে। ভারতে মাত্র ৫০০ ও ভারতের বাইরে ৩৫০ প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছেন। এ নিয়ে তিনি ছবি মুক্তির আগে, এমনকি এখনো বেশ প্রতিবাদী তিনি। যশরাজ ফিল্মস নাকি বিমাতাসুলভ আচরণ করে প্রদর্শকদের হাতের মুঠোয় বন্দী করেছেন। আদিত্য চোপড়া মিথ্যাবাদী। যশরাজ ফিল্মস চাইছে সন অব সরদার-এর জনপ্রিয়তাকে ব্যবহার করে জব তাক হ্যায় জান-এর বিক্রিবাট্টা বাড়াতে—এ রকম অনেক কথাই সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন অজয়। এ কারণে যশ চোপড়ার শেষ ছবির শেষ প্রিমিয়ার শোতে বলিউডের প্রায় সবাই উপস্থিত থাকলেও দাওয়াত পাননি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির নায়িকা কাজল। অবশ্য আমন্ত্রণ পেলেও যেতেন না—কাজল সাফ জানিয়ে দিয়েছিলেন সবাইকে। সব মিলিয়ে দুই ছবির যুদ্ধ ছবি মুক্তির পরও থামেনি। আপাতদৃষ্টিতে দুটি ছবিই সফল, তবে কোন ছবির ভাগ্যে বিজয়ীর মুকুট উঠবে, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।রুম্মান রশীদ খানটাইমস অফ ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার, হিন্দুস্তান টাইম, মিড ডে, রেডিফ ডট কম অবলম্বনে