
‘শি ডিড নট নো, হু শি ওয়াজ’—এই উক্তিটি ভাস্কর নভেরা সম্পর্কে করেছিলেন নাট্যকার সাঈদ আহমদ। এই উক্তির মধ্য দিয়ে নভেরা যে কত বড় মাপের শিল্পী ছিলেন তার একটা ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু ব্যক্তি নভেরা? সাঈদ আহমদই আবার অন্যত্র বলেন, ‘নভেরার লাইফটাই মনে হইব স্ক্যান্ডালস, ফুল অব স্পাইস।’ শুধু সাঈদ আহমদ কেন, যাঁরা নভেরার সংস্পর্শে এসেছেন কিংবা কাছ থেকে দেখেছেন, তাঁদের এক একজনের কাছে নভেরা এক এক রকম। নভেরা কোনো সাধারণ শিল্পী নন, সুতরাং নভেরা সম্পর্কে বলতে গেলে কিংবা শিল্প-সাহিত্যের কোনো ধারায় তাঁকে উপস্থাপন করতে গেলে তাঁর শিল্পকে যেমন বুঝতে হয়, বুঝতে হয় তাঁর যাপিত জীবনকেও। নভেরার ক্ষেত্রে শিল্পসত্তা থেকে তাঁর জীবনকে আলাদা করা মুশকিল। নভেরা নামটি যখন উচ্চারিত হয় তখন ‘নভেরা বাংলাদেশের প্রথম নারী ভাস্কর’—এই পরিচয় যেমন সামনে চলে আসে, এর সঙ্গে আরও কিছু শব্দ বা অভিধা যুক্ত হয়ে বাঙালি পাঠকের মস্তিষ্কে একটা ভিন্নমাত্রার ব্যক্তিত্ব, ভিন্ন জীবনাচরণ বোধেরও সৃষ্টি হয়। ফ্যাশনপ্রিয়, অভিমানী, উন্নাসিক, উড়নচণ্ডী, টম বয়, রহস্যময়, মুডি, ফ্রি মিক্সিংয়ে বিশ্বাসী, স্বেচ্ছানির্বাসিত আরও অনেক অভিধায় অভিসিক্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে জায়গা করে নিয়েছেন আমাদের মনে। ১৯৯৪ সালে সাপ্তাহিক বিচিত্রার ঈদসংখ্যায় হাসনাত আবদুল হাইয়ের নভেরা নামে একটি উপন্যাস (পরবর্তী সময়ে গ্রন্থ আকারে) ছাপা হলে তাঁকে নিয়ে শিক্ষিত সংস্কৃতিমনষ্ক বাঙালি সমাজের আগ্রহ বেড়ে যায়।
সম্প্রতি ‘ধ্রুপদী’ নামের অ্যাকটিং অ্যান্ড ডিজাইনিং স্কুলের ব্যানারে নভেরা নামে একটি নাটক এসেছে ঢাকার মঞ্চে। নভেরাকে নিয়ে যে রহস্য সবার মনে, এ প্রযোজনা যেন তার বিপরীতে দাঁড়িয়ে অনেকটাই সহজ-সরল। নাটকের শুরুতে দেখতে পাই, মঞ্চের মাঝে স্বল্প আলোয় বেদির চূড়ায় দর্শকের দিকে পেছন দিয়ে ধ্যানমগ্না নভেরা। মাথার ওপরে সন্ন্যাসিনীর মতো চুড়ো করে চুল বাঁধা। পিঠ বেয়ে নেমে এসেছে দীঘল কালো চুল। ধ্যান ভেঙে দর্শকের সামনে কথকতার ভঙ্গিতে আত্মবয়ান দিয়ে চলেন নভেরা। ঘণ্টা খানেকের বয়ানে আত্মজৈবনিক ধাঁচে ‘নভেরা’ উপাখ্যান উপস্থাপিত হয় দর্শক সমক্ষে।
হাসনাত আবদুল হাই রচিত ভাস্কর নভেরা আহমেদের জীবনীভিত্তিক উপন্যাস অবলম্বনে নভেরা নাটকের নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান। নাটকটিতে একক অভিনয়ও করেছেন তিনি। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। উপন্যাস পাঠ আর নাটক দেখায় দুরকম আনন্দ পাওয়া যায়। দুটোকে মিলিয়ে ফেলা ঠিক হবে না, তারপরও বলতে হয় হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস যাদের পড়া আছে তারা নভেরা নাটক দেখে কিঞ্চিৎ অতৃপ্ত থেকে যাবেন। হাসনাত আবদুল হাই নভেরা উপন্যাস লিখতে গিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন উপন্যাসের ফর্মের ব্যাপারে। কখনো তিনি বর্ণনার ভঙ্গিতে লিখে চলেছেন, কখনোবা মজলিসি আড্ডার ঢঙে আবার কখনোবা চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার ভঙ্গিতে। কখনো লেখক নিজেই সরাসরি স্বনামে একটি চরিত্র হয়ে উঠেছেন নভেরা উপন্যাসে। এসব কারণে উপন্যাস পাঠের মধ্য দিয়ে বহুমাত্রিক নভেরাকে আবিষ্কারের সুযোগ থাকে পাঠকের। কিন্তু ‘নভেরা’ যখন মঞ্চে একক অভিনয়ের নাটক হিসেবে উপস্থাপিত হয় তখন তা যেন একরৈখিক হয়ে পড়ে। আমি প্রযোজনা পরিকল্পনার ত্রুটির কথা বলছি না। চ্যালেঞ্জটা মিডিয়াম ট্রান্সলেশনের।
উপন্যাসের নভেরা এক বিচিত্র চরিত্রের অধিকারী হয়ে ওঠেন তাঁর সময়ে যাদের সংস্পর্শে তিনি এসেছিলেন তাদের বিশ্লেষণে। যেমন ইংল্যান্ডে অবস্থানকালে বিশিষ্ট চলচ্চিত্রকার ও সংগীতকার খান আতার সঙ্গে পরিচয়পর্বে নিজের সম্পর্কে নভেরা বলেন, ‘বাঙালি মেয়ে বলতে যেমন জড়ভরত, লজ্জাশীলা, পুরুষের অনুগত একটি জীব বোঝায়, তেমনি হবার কোনো ইচ্ছা নেই আমার।’ নভেরার এই উক্তি খান আতা যখন তাঁর বন্ধুমহলে প্রকাশ করেন, তখন নভেরার চরিত্রের ঋজুভঙ্গিটি যেমন প্রকাশ পায়, তেমনি তিনি যে ফরাসি দার্শনিক সিমন দ্য বুভুয়াঁর দ্য সেকেন্ড সেক্স কিংবা সার্ত্রের দর্শন ‘আই থিঙ্ক, দেয়ারফোর আই অ্যাম’ দ্বারা প্রভাবিত তা বুঝতে সমস্যা হয় না। নাট্য প্রযোজনায় মাহবুবুল আলম চৌধুরী, জয়নুল আবেদিন, সৈয়দ মোহাম্মদ আলী, হামিদুর রহমান, নাজির আহমদ, এবং তাঁর মায়ের (তিনি সাঈদ আহমদ ও হামিদুর রহমানেরও মা) উপস্থিতি বর্ণনাত্মক রীতিতে উপস্থাপিত হলেও অনুপস্থিত থেকে গেছেন কমরুদ্দিন আহমদ, খান আতাউর রহমান, আমিনুল ইসলাম, মুর্তজা বশীর, শামসুর রাহমান, সৈয়দ জাহাঙ্গীর, আবদুল্লাহ খালেদ প্রমুখ। তারপরও বলতে হয় উদ্যোগটির মধ্যে একটি মহৎ উদ্দেশ্য ছিল। একক অভিনয়ের মঞ্চরূপে বহুমাত্রায় নভেরাকে হয়তো পাওয়া যায়নি এ প্রযোজনায়, তারপরও বলতে হয় যা পাওয়া গেছে তাইবা কম কিসে।
সামিউন জাহান অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করেছেন নভেরাকে মঞ্চে উপস্থাপন করতে। নভেরাকে ভুলতে বসা এ দেশের মানুষের কাছে, তাঁর মৃত্যুর পরে দ্রুততম সময়ে ‘ধ্রুপদী’ নভেরাকে নিয়ে যে কাজটি করেছেন তা অনন্য।