দেখা মিলল রানু ও আনিসের!

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পাঠকনন্দিত উপন্যাস ‘দেবী’। অল্প কিছুদিন আগের খবর হলো, এই উপন্যাস থেকে একই নামে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এতে মিসির আলী চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। উপন্যাসের রানু এবং আনিস চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও অনিমেষ আইচ।
কঠোর গোপনীয়তার মধ্যেই চলছিল ‘দেবী’র শুটিং। বিশেষ করে মিসির আলীর চরিত্রের গেটআপ এখন দেখেনি কেউ-ই। মিসির আলীকে দেখা যাক বা না যাক, দেখা মিলল রানু ও আনিসের। গতকাল অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ফেসবুক দেয়ালে আপলোড করা হয় অনিমেষ আইচ ও জয়া আহসানের একটি ছবি। সেই ছবির ক্যাপশনে ভাবনা লিখেছেন, ‘হিরো হিরোইন জয়া আহসান ও অনিমেষ আইচ। দেবীর জন্য অপেক্ষা।’ জানা গেছে, ছবিটি ‘দেবী’ চলচ্চিত্রের একটি দৃশ্য।
উল্লেখ্য, দেবী পরিচালনা করছেন অনম বিশ্বাস। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন জয়া আহসান।