দেখা হলো শাকিব-অপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু বিশ্বাস,শাকিব খান
অপু বিশ্বাস,শাকিব খান

অবশেষে দেখা হলো অপু-শাকিবের। বেশ টানাপোড়েনের পর গত বুধবার রাতে অপুর গুলশানের নিকেতনের বাসায় যান শাকিব খান। সেখানে তাঁরা নিজেদের মধ্যকার সমস্যা নিয়ে কথা বলেন। শাকিবের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস।
অপু বলেন, ‘শাকিব যখন আমার বাসায় আসে, তখন তাকে খুব খুশি খুশি দেখাচ্ছিল। আব্রাহামকে নিয়ে বাসায় অনেকটা সময় কাটিয়েছে। ছেলের জন্য নতুন পোশাক কিনতেও বলে গেছে।’
এদিকে গতকাল বৃহস্পতিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে যান শাকিব। স্ত্রী অপু প্রথম আলোকে জানান, চিকিৎসকেরা শাকিবের স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে এক দিন হাসপাতালে থাকার পরামর্শ দেন। গত কয়েক দিনে তাঁর ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তা ছাড়া শাকিবের আগে থেকে লিভারের সমস্যা ছিল। সিঙ্গাপুর থেকে চিকিৎসক বারবার তাঁকে অনিয়ম করতে নিষেধ করেছেন। কিছু খাবারের ব্যাপারে বিধিনিষেধ আছে। কিন্তু শাকিব তা একেবারেই মানছেন না। অপু বলেন, ‘গত ১০ মাস আমি ওর থেকে একদম দূরে ছিলাম। সবকিছু মিলিয়ে ওর খুব অনিয়ম হয়েছে। আশা করছি, সামনে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
শাকিব খানকে দেখতে গতকাল বিকেলে বোরকা পরে হাসপাতালে যান অপু বিশ্বাস। মিনিট দশেক স্বামীর পাশে ছিলেন। অপু বলেন, ‘শাকিব সুস্থ আছে। আমি যখন ওকে দেখতে যাই, তখন ওর প্রেশার (রক্তচাপ) মাপা হচ্ছিল। চিকিৎসক বলেছেন, খুব তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে যেতে পারব।’
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর প্রথম সন্তান আব্রাহামের জন্ম হয়। ভারতের একটি ক্লিনিকে তাঁদের এই সন্তানের জন্ম হয়েছে বলে দাবি করেন অপু।