দেখানো হলো সিনেমার ইশতেহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটির আমেজে উৎসবমুখর শিল্পকলা একাডেমী। সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হলো ৫৬ মিনিটের প্রামাণ্যচিত্র ম্যানিফেস্টো অব সিনেমা। এর চিত্রনাট্য লিখেছেন মো. আবুল মোনায়েম, সুরভী জাহান ও রাগিব শাফায়েত। এ ছাড়া অনুষ্ঠানে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪-এর শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।
উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, চলচ্চিত্র পরিচালক সালাহউদ্দিন জাকি, আলোকচিত্রী আনোয়ার হোসেন, প্রামাণ্য চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ সাজেদুর রহমান, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ প্রমুখ।
ম্যানিফেস্টো অব সিনেমা তথ্যচিত্রটি নির্মিত হয়েছে বাংলাদেশের সিনেমার পোস্টারের ওপর ভিত্তি করে। এর চিত্রনাট্য তত্ত্বাবধান করেন শিল্পী সব্যসাচী হাজরা ও বেলায়াত হোসেন। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ২০১৩ সালের ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালার শিক্ষার্থীরা। এটি উৎসর্গ করা হয়েছে চলচ্চিত্রকার জহির রায়হান, আলমগীর কবীর ও শিল্পী কাইয়ুম চৌধুরীকে।