দেখার যত উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকর্ম সংগ্রাহক দুর্জয় রহমানের ব্যক্তিগত সংগ্রহ থেকে নির্বাচিত শিল্পকর্ম নিয়ে গতকাল শুক্রবার থেকে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে ‘দেখার যত উপায়’ শীর্ষক ব্যক্তিগত শিল্পকর্ম সংগ্রহের প্রদর্শনী। দেশি-বিদেশি ২১ শিল্পীর ৪২টি শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে।
প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে শিল্পী আমিনুল ইসলামের স্মৃতির প্রতি। দেশের শিল্পীদের মধ্যে রয়েছেন কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, আবদুর রাজ্জাক, আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, নিতুন কুন্ডু, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, শাহাবুদ্দিন, মনিরুল ইসলাম, শহীদ কবির ও মাহমুদুল হকের ছবি। বিদেশি শিল্পীদের মধ্যে রয়েছে পাবলো পিকাসো, ফ্রান্সিস বেকন, হেনরি মুর, লুসিয়ান ফ্রয়েড, যামিনী রায় ও পরিতোশ সেনের চিত্রকর্ম।
প্রদর্শনী উদ্বোধন করেন অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আজ বাংলাদেশে শিল্পকর্মের যে অগ্রযাত্রা, তা আমাদের স্বাধীনতার সুফল। একেবারেই ব্যতিক্রমী এ প্রদর্শনীর প্রতিটি ছবি অসাধারণ। অনেকেই হয়তো দুর্জয় রহমানের এই সংগ্রহ দেখে অনুপ্রাণিত হবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও আলোচনা করেন শিল্পী রফিকুন নবী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। দুর্জয় রহমান বলেন, ১৭ বছর ধরে তিনি আট শতাধিক শিল্পকর্ম সংগ্রহ করেছেন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।