দেখেছি দুই শূন্য তেরো, জনসমুদ্দুর
‘আমি দেখেছি দুই শূন্য তেরো, দেখিনি একাত্তর/আমি দেখেছি শাহবাগ—জনসমুদ্দুর/আমাকে এখনো মিছিল টানে, জয় বাংলা স্লোগানে/একসাথে বাঁচি একসাথে লড়ি/একসাথে চল গিটারটা ধরি/ দাবি-দাওয়া আজ ফাঁসির দড়ি।’—শাহবাগের ‘প্রজন্ম চত্বর’-এর জাতীয় জাদুঘরের সামনে বাজছে ভবর গান। অন্য পাশে আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে চলছে বিরামহীন কবিতা আবৃত্তি—‘নীলক্ষা আকাশ নীল...গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে।’—তরুণ চলচ্চিত্রকর্মীরা চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি কখনো অডিও রেকর্ডারে গণসংগীতের ঝংকার তুলছেন। থিয়েটার আর্ট ইউনিট ও তীরন্দাজ-এর নাট্যসংলাপেও আছে প্রতিবাদ ও ঘৃণার বহিঃপ্রকাশ। এর মধ্যে মানুষের মুখে মুখে ফিরছে স্লোগান—‘ক-তে কাদের মোল্লা—তুই রাজাকার তুই রাজাকার’, ‘তুমি কে আমি কে, চাকমা-মারমা-বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’,‘জয় বাংলা’। গান-কবিতা-নাটক-চলচ্চিত্র ও স্লোগানে সব কিছু একাকার। বোঝা দুষ্কর কে কার অলংকার!শাহবাগে রাজাকারের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্দোলনে মানুষ শামিল হচ্ছেন দলমত-নির্বিশেষে।এখানে এখন দিনের শুরু হয় স্লোগানের ধ্বনিতে; আর রাত ভোর হয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কবিতা-চলচ্চিত্র-নাটক-গানের সম্মিলিত ঐক্যতানে। চলচ্চিত্র সংগঠনের মধ্যে মুভিয়ানা ফিল্ম সোসাইটি, এমসিজে ফিল্ম ক্লাব, চলচ্চিত্রম, বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি, স্টামফোর্ড ফিল্ম স্টুডেন্ট ফোরাম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করছে এখানে। থিয়েটার আর্ট ইউনিট, তীরন্দাজ, ঢাকা থিয়েটার ও প্রাচ্যনাট এসেছে নাটক নিয়ে। অন্যদিকে, কবিতার শব্দে প্রতিবাদ জানাচ্ছে আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত সংগঠনগুলো। এ ছাড়া আরও অনেক সংগঠন এবং ব্যক্তি স্বতঃপ্রণোদিত হয়ে পরিবেশন করছে পুঁথি, সংগীত ফিউশন, প্যারোডি, ব্যান্ড সংগীতসহ বর্ণিল সব পরিবেশনা। মাঠের মানুষ, হাটের মানুষ, ঘাটের মানুষ—আরও অনেক রকম মানুষের সঙ্গে ‘প্রজন্ম চত্বর’-এ প্রতিদিন কাঁধে কাঁধ মেলাচ্ছেন তারা ঝলমল জগতের তারকারাও। না, তারকা হিসেবে নয়, তাঁরা আসছেন সচেতন প্রতিবাদী মানুষ হিসেবে। যেমন সেদিন শাহবাগে এসে অন্য সবার সঙ্গে একই গলায় স্লোগান ধরলেন অপি করিম। আসাদুজ্জামান নূর, রাইসুল ইসলাম আসাদ, তারিক আনাম খান, তৌকির আহমেদ ও নিমা রহমানকে দেখা গেল জনসমুদ্রে। বিপাশা হায়াত গাইলেন প্রতিবাদী গান। গণজাগরণের জোয়ারে সংগীতের মৌতাত ছড়ালেন শিমূল ইউসুফ। এরকমভাবে আরও অনেক তারকার নামই বলা যাবে। হয়তো গুরুত্বপূর্ণ অনেক নাম বাদও রয়ে গেল। তবু কথা-কবিতা-চলচ্চিত্র-নাটক-গানে ও স্লোগানে আন্দোলনে সব কিছু যখন একাকার, তখন কি আলাদা কোনো নামের প্রয়োজন হয়? কেবল একটি নামেই তো ধরা যায় সব—জনসমুদ্দুর।