দেড় শ মরিচ খেলেন মোশাররফ করিম!

সেই রকম চা-খোর নাটকে অভিনয় করতে এসে মোশাররফ করিমকে নাকি কয়েক শ কাপ চা খেতে হয়েছিল। গত বছর ঈদে বাংলাভিশনে প্রচার হওয়ার পর নাটকটি প্রশংসিত হয়। এই নাটকের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার পান মোশাররফ। এবার তিনি খেয়েছেন মরিচ। তাও আবার একটি-দুটি নয়, প্রায় দেড় শ মরিচ খেতে হয়েছে তাঁকে! তাঁর এবারের নাটকের নাম সেই রকম ঝালখোর। ঈদে প্রচারিত হবে বাংলাভিশনে।
এতগুলো মরিচ খাওয়ার পর মোশাররফ করিমের কেমন লেগেছে? ‘ভাই রে, সে এক করুণ অভিজ্ঞতা। এই অবস্থা বলে বোঝানো যাবে না। আমি দর্শকদের কাছে পুরো ব্যাপারটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেয়েছি। তাই তো এতগুলো মরিচ খেতে হয়েছে। প্রতিটি শট দেওয়ার শেষে চিনি আর পানি খেয়ে ঝাল কমানোর চেষ্টা করেছি। কিন্তু তার পরও কয়েক দিন মুখে ঝালের ভাবটা লেগে ছিল।’ বললেন মোশাররফ।
নাটকে মোশাররফের সঙ্গে অভিনয় করেছেন ভাবনা। তিনি বলেন, ‘মোশাররফ ভাইয়ের মরিচ খাওয়া দেখে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম তিনি হয়তো অসুস্থ হয়ে যাবেন।’
সেই রকম ঝালখোর নাটকটি লিখেছেন আশরাফুল চঞ্চল, পরিচালনা করেছেন মারুফ মিঠু।