দেনা শোধে লিন্ডসের শখের পোশাক বিক্রি!
কর ফাঁকি আর ঋণ খেলাপের অভিযোগে সম্প্রতি লিন্ডসে লোহানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে যুক্তরাষ্ট্র সরকারের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)। বর্তমানে অর্থনৈতিক টানাপোড়েনের এক কঠিন সময় পার করছেন এই ‘মিন গার্লস’ তারকা। নগদ অর্থের প্রয়োজনে এবারে নিজের পোশাক বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমা পাওয়া লিন্ডসে লোহান। সম্প্রতি লিন্ডসে তাঁর নিজের কয়েকটি মূল্যবান পোশাক ছোট বোন আলীর হাতে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টল্যান্ড স্টোরে পাঠিয়েছিলেন। পোশাকগুলো ভালো দামে বিক্রি হবে বলে আশা করেছিলেন আলী। কিন্তু প্রত্যাশিত দামের ধারে কাছেও দাম না ওঠায় ১৮ বছর বয়সী আলী হতাশায় মুষড়ে পড়েন। এক খবরে এমনটিই জানিয়েছে রাডার অনলাইন। ২৬ বছর বয়সী লিন্ডসের পোশাকগুলোর জন্য মাত্র ৩০ ডলার দাম দিতে চায় ওয়েস্টল্যান্ড স্টোর কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে আলী বলে ওঠেন, ‘এগুলোর দাম মাত্র ৩০ ডলার! পোশাকগুলো কিনতে লিন্ডসে অন্তত সাতশো পাউন্ড খরচ করেছিলেন। তিনি এসব পোশাক পরে অনেক ছবিও তুলেছেন। নিঃসন্দেহে ক্রয়মূল্যের চেয়েও অনেক বেশি দামে এগুলো বিকোবে।’ প্রসঙ্গত, ২০০৯ ও ২০১০ সালে কোনো আয়কর দেননি লিন্ডসে; এ ছাড়া প্রায় ২ লাখ ৩৪ হাজার ডলার ঋণে আটকা পড়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধের কথা জানিয়ে লিন্ডসেকে নোটিশ পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে। এই সংকটে একপর্যায়ে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন বন্ধু চার্লি শিন। তিনি ১ লাখ ডলার পাঠিয়ে দেন লিন্ডসের কাছে। কিন্তু তার পরও তিনি গা করেননি। ২০১১ সালেও ঋণের বোঝা চাপে তাঁর ঘাড়ে। ঋণ পরিশোধের জন্য লিন্ডসেকে পর্যাপ্ত সময় দেওয়ার পরও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এ জন্য সম্প্রতি তাঁর ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আইআরএস।