দেব-ফেরদৌস একসঙ্গে
এর আগে প্রসেনজিৎ, তাপস পাল ও জিতের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন ফেরদৌস। এবার কাজ করছেন দেবের সঙ্গে। ৯ জুন থেকে কলকাতার এনটিওয়ান স্টুডিওতে শুটিং শুরু করেছেন ফেরদৌস। ছবির নাম খোকাবাবু। গত বৃহস্পতিবার মুঠোফোনে ফেরদৌস বললেন, ‘এ ছবির কাজ করার জন্যই এবার জন্মদিনটাতে শুধু ঢাকায় ছিলাম। পরদিনই ঢাকা ছেড়ে কলকাতায় আসতে হয়েছে। অনেক বড় বাজেটের একটি ছবিতে কাজ করছি।’ বর্তমানে কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘প্রত্যেকেরই অভিনয়জীবনে উত্থানের সময় থাকে। দেব সে সময়টি এখন পার করছেন। ভালো অভিনয় করেন বলে হয়তো মানুষও তাঁকে গ্রহণ করেছে। আশা করি, আমাদের দুজনের কাজও দর্শকদের ভালো লাগবে।’ফেরদৌসের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি খোকাবাবু ছবির শুটিং করছিলেন। সেখানে দেবও শুটিং করছিলেন। মুঠোফোনটি ফেরদৌস ধরিয়ে দিলেন দেবকে। প্রথমেই কুশলাদি জানতে চাইলেন। তাঁকে যখন জানানো হলো যে বাংলাদেশে তাঁর অনেক ভক্ত আছেন, তখন তিনি হাসলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ফেরদৌসের সঙ্গে কাজ করার ব্যাপারে বলেন, ‘আমি ফেরদৌস ভাইয়ের ছবি দেখেছি। তিনি মারামারির দৃশ্যগুলোতে খুবই ভালো করেন। আর এ ছবির যে গল্প, সেখানে আমার কাছে মনে হয়েছে ফেরদৌস ভাই ছাড়া আপাতত অন্য কেউ কাজটা করতে পারতেন না। ভালো লাগছে যে আমরা দুজনই ছবিটিতে কাজ করছি। এখন পর্যন্ত যতটুকু কাজ করেছি, তাতে আমি খুবই খুশি।’খোকাবাবু ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন লকেট ব্যানার্জি আর দেবের বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী।