দেব-ফ্রিদা দুজনের আজ দুটি পথ!

২০০৮ সালে মুক্তি পেয়েছিল ব্রিটিশ ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার’। অস্কার বিজয়ী এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল এবং ভারতীয় মডেল ও অভিনেত্রী ফ্রিদা পিন্টো। ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে কাজ করার সময় থেকেই তুমুল প্রেম চলছিল দেব ও ফ্রিদার। বাস্তব জীবনে জুটি হলেও, রুপালি পর্দায় দেবের সঙ্গে আর জুটি বাঁধতে চান না বলেই সম্প্রতি জানিয়েছেন ফ্রিদা।
বয়সে পাঁচ বছরের ছোট দেবের সঙ্গে ফ্রিদার প্রেমের শুরুটা হয়েছিল ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির সেটে। সামনে দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে আপত্তির কথা জানাতে গিয়ে ফ্রিদা বলেন, ‘আমার মনে হয়, একটি ছবিতে জাদুকরি পর্দা রসায়নের পুরোটাই আমরা দেখিয়ে ফেলেছি। দেব ও আমার ভেতরের বাকি জাদু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ রাখতে চাই আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির ব্যাপক সাফল্যের পর নিয়মিত হলিউডের ছবিতে অভিনয় করছেন দেব ও ফ্রিদা। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন তাঁরা। সেখানে হেঁশেলে প্রায়ই রান্না করতে গিয়ে দেবের সঙ্গে তর্ক-বিতর্ক হয় বলেই জানিয়েছেন ফ্রিদা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘রান্না করতে আমরা দুজন খুব পছন্দ করি তা আমি বলব না। কারণ আমরা মোটেও ভালো রাঁধতে পারি না। প্রায়ই রান্নার আয়োজন করতে গিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ি আমরা। তবে আমাদের মধ্যে এই তর্ক-বিতর্ক হয় স্রেফ মজা করার জন্য।’
ফ্রিদা আরও বলেন, ‘ভারতীয় খাবার রান্না করতে জানলে খুব ভালো হত। তাহলে রেস্তোরাঁ খুলে নতুন পেশা বেছে নেওয়ার সুযোগ পেতাম। তা ছাড়া লস অ্যাঞ্জেলেসে ভারতীয় খাবার জায়গার বড্ড অভাব।’