দেবদাসের করুণ প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সিনেমায় একসময়ের পর্দা কাঁপানো অভিনেতা ‘দেবদাসখ্যাত’ বুলবুল আহমেদ আর নেই। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান নিকেতনে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭০।অভিনেতা-নাট্যকার খলিল আহমেদের ছেলে তবাররুক আহমেদ ওরফে বুলবুল আহমেদ। বাবা ছিলেন পাকিস্তান আমলের অর্থ বিভাগের ডেপুটি সেক্রেটারি। জন্ম ১৯৪১ সালে ১৫ সেপ্টেম্বর ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকার কলেজিয়েট স্কুল, নডর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে কিছুদিন সিলেট এমসি কলেজেও পড়াশোনা করেছেন। সিলেট এমসি কলেজে থাকাকালে মঞ্চনাটক ‘চিরকুমার সভা’য় নায়কের ভূমিকায় অভিনয় করে উপস্থিত সবার নজর কাড়তে সক্ষম হন। পড়াশোনা শেষ করার পর তত্কালীন ইউবিএল ব্যাংক টিএসসি শাখার ম্যানেজার হিসেবে চাকরি জীবন শুরু করেন।চাকরির পাশাপাশি বুলবুল আহমেদ টিভিতে অভিনয় করতে থাকেন। বুলবুল আহমেদ অভিনীত প্রথম টিভি নাটক আবদুল্লাহ আল মামুনের ‘বরফ গলা নদী’। এটি ১৯৬৪ সালে প্রচারিত হয়। এরপর নিয়মিতভাবে টিভি নাটকে কাজ করতে থাকেন তিনি। ওই সময় টিভিতে বুলবুল আহমেদ অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘মালঞ্চ’, ‘ইডিয়েট’, ‘মাল্যদান’, ‘বড়দিদি’, ‘আরেক ফাল্গুন’, ‘শেষ বিকেলের মেয়ে’। এর মধ্যে ‘ইডিয়েট’ নাটকে বুলবুল আহমেদের অভিনয় বেশ প্রশংসিত হয়। তিনি ছিলেন একাধারে মঞ্চ, বেতার, টিভি, চলচ্চিত্র অভিনেতা, আবৃত্তিকার এবং অনুষ্ঠান ঘোষক। তবে কলেজজীবন থেকেই বুলবুল আহমেদ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।ব্যাংকে ১০ বছর চাকরি করার পর নাম লেখান সিনেমায়। ১৯৭২ সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের অনুপ্রেরণায় সিনেমায় কাজ শুরু করেন বুলবুল আহমেদ। ১৯৭৩ আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) মুক্তি পাওয়া ছবি ‘ইয়ে করে বিয়ে’র মাধ্যমে প্রথম বড় পর্দার দর্শকদের সামনে নায়ক হিসেবে আর্বিভাব হয় তাঁর। তারপর যথারীতি সামনের দিকে এগিয়ে চলা। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এরপর বছর খানেক বিরতির পর আবার বড় পর্দায় আসেন আবদুল্লাহ আল মামুনের ‘অঙ্গীকার’ ছবির মাধ্যমে। এর পর একে একে করতে থাকেন ‘ধীরে বহে মেঘনা’, ‘রূপালী সৈকতে’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্যকন্যা’ বেশ কিছু দর্শকনন্দিত ছবি। ১৯৮৭ সালে চাষি নজরুল ইসলামের ‘দেবদাস’ ছবির মাধ্যমে নিজেকে নতুন করে আলোচনায় নিয়ে আসেন বুলবল আহমেদ।চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কয়েকটি ছবিও পরিচালনা করেন বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ পরিচালিত উল্লেখযোগ্য ছবি হচ্ছে ‘ওয়াদা’, ‘মহানায়ক’, ‘ভালো মানুষ’, ‘রাজলক্ষ্মী’ ‘শ্রীকান্ত’, ‘আকর্ষণ’, ‘গরম হাওয়া’, ‘কত যে আপন’ প্রভৃতি। এর মধ্যে শেষের চারটি ছবি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেন বুলবুল আহমেদ। ৪৪ বছরের মিডিয়া জীবনে বুলবুল আহমেদ প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিক ছবিতে অভিনয় করেন। বুলবুল আহমেদ অভিনীত সর্বশেষ চলচ্ছিত্র হচ্ছে ‘দুই নয়নের আলো’। আর সর্বশেষ টিভি নাটক হচ্ছে ২০০৯ সালে শুটিংকৃত ‘বাবার বাড়ি’। নাটকটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও করেছেন তিনি। তবে যৌথভাবে পরিচালনায় সঙ্গে ছিলেন স্ত্রী ডেইজি আহমেদ।বাংলা সিনেমার একসময়ের দাপুটে এই অভিনেতার জীবনের শেষ সময়টা মোটেও ভালো যায়নি। ২০০৮ সালের জুলাই মাসে প্রথম আলোর আনন্দতে দেওয়া এক সাক্ষাত্কারে নিজের জীবনের শেষ দিনগুলো সম্পর্কে এভাবেই বর্ণনা করেছিলেন: ‘এই দেখুন না, আমাকে বলা হয় দেবদাস। সত্যি বিয়োগান্তক এক কাহিনী। দেবদাসের জীবনের শেষ যে পরিণতি, আজ আমিও নিজের বেলায় সে রকমই অনুভব করছি অনেকটা। অভিনয়-অঙ্গনের চেনাজানা মানুষদের কারও দেখাই আর মেলে না। হাসপাতালে যখন ভর্তি হই, তখন একবার আবুল হায়াত, শর্মিলী আহমেদ, কবরী, ববিতা ও চম্পা দেখা করতে এসেছিলেন। তারপর আর কেউ খোঁজ নেয়নি।’ থামলেন তিনি। আবার বলতে শুরু করলেন, ‘আমি তো দূরের মানুষ নই। কিন্তু তবু কেন আপনজনেরা পর হয়ে গেল! যাঁরা আমার সহশিল্পী ছিলেন, তাঁরা যদি কেউ আসতেন, সাহস দিতেন, তাহলে মনটা ভালো হয়ে যেত।’ বুলবুল আহমেদের গত কয়েক বছর কেমন কেটেছে, সেটা উপরিউক্ত কথার মাধ্যমেই পরিলক্ষিত হয়। সত্যিই তাই! জীবনের শেষ সময়গুলোও খুব একটা ভালো যায়নি আমাদের দেবদাসের।বাংলা চলচ্চিত্রের দেবদাসখ্যাত অভিনেতা বুলবুল আহমেদ সিনেমায় অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া বাচচাসসহ (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) আরও বেশ কয়েকটি সংগঠনের পুরস্কার লাভ করেন। মুত্যুকালে বুলবুল আহমেদ স্ত্রী ডেইজি আহমেদ, দুই মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা, ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।