দেবদাসের মুক্তি মিলল ভালোবাসা দিবসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভালোবাসা দিবস উপলক্ষে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মিত দেবদাস ছবিটি মুক্তি পাচ্ছে।ঢাকা ও ঢাকার বাইরের ২৫ টি প্রেক্ষাগৃহে ১৫ ফেব্রুয়ারি একসঙ্গে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক চাষী নজরুল ইসলাম। তিনি বলেন, প্রথমদিকে দেবদাস ছবিটি কোরবানির ঈদ আর দুর্গাপূজায় একসঙ্গে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু তা সম্ভব হয়নি। পরে দেবদাস ছবিটি নিয়ে আবার নতুন করে পরিকল্পনা করা হয়। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের সিদ্ধান্ত অনুযায়ী ভালোবাসা দিবসে মুক্তির দিনক্ষণ ঠিক করা হয়। চাষী নজরুল ইসলাম এও বলেন, ‘দেবদাস ভালোবাসার ছবি। তাই ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ছবিতে দেবদাসের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তিনি বলেন, ‘শরত্চন্দ্রের দেবদাস উপন্যাস নিয়ে এর আগে কয়েকটি ছবি নির্মিত হয়েছে, সব কটি ছবিই ব্যবসায়িক দিক থেকে সাফল্য পেয়েছে। আমার বিশ্বাস, চাষী নজরুল ইসলামের এবারের দেবদাস ছবিটিও প্রশংসিত হবে।’ দেবদাস ছবির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী, অপু বিশ্বাস ও শহীদুজ্জামান সেলিম। ছবির শুটিং শুরু হয় ২০১০ সালে। গত শতকের আশির দশকে বুলবুল আহমেদ, কবরী, আনোয়ারা ও রহমানকে নিয়ে দেবদাস নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম।এদিকে দেবদাস ছবির প্রেক্ষাগৃহে মুক্তি উপলক্ষে গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ডে প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। শুভেচ্ছা বক্তব্য দেন ছবিটির পরিচালক চাষী নজরুল ইসলাম ও আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান।