দেবশ্রীর সঙ্গে কাজ করছেন তৌফিক
‘তিনি একজন বরেণ্য শিল্পী। তাঁর বিপরীতে কাজ করা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। অভিনয়ের অনেক কিছুই শিখেছি তাঁর কাছ থেকে।’ কলকাতার দেবশ্রী রায়ের বিপরীতে কাজ করা প্রসঙ্গে এভাবেই বললেন তৌফিক। চঞ্চল মুখার্জির পরিচালনায় এবার কলকাতার ছবিতে কাজ করছেন তৌফিক। নাম কী আশায় বাঁধি খেলাঘর।জানা গেছে, ছবিতে তৌফিক একজন লেখকের চরিত্রে অভিনয় করছেন। এখানে তিনি দেবশ্রী রায় ও নবাগত চন্দ্রিকার বিপরীতে অভিনয় করছেন। তৌফিক জানান, বছর তিনেক আগে কলকাতার এক অনুষ্ঠানে এই পরিচালকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তখনই তাঁর সঙ্গে ছবিটির ব্যাপারে আলোচনা হয়। দার্জিলিং ও শিলিগুড়িতে ডিসেম্বর মাসে ছবির প্রথম লটের কাজ হয়েছে। বাকি অংশের কাজ শেষ করার জন্য ২৫ ফেব্রুয়ারি কলকাতা যাচ্ছেন তৌফিক। তৌফিক সম্পর্কে মুঠোফোনে চঞ্চল মুখার্জি বলেন, ‘তৌফিক খুব স্মার্ট শিল্পী। অভিনয়ের কিছু গুণ ওর মাঝে আছে। নিয়মিত কাজ করলে আমাদের চলচ্চিত্র খুব ভালো একজন হিরো পাবে।’ তৌফিক আরও জানান, একই পরিচালকের পরবর্তী ছবিতেও কাজ করতে যাচ্ছেন তিনি। সে ছবিতে আরও অভিনয় করবেন প্রসেনজিত্।