দেবাংশুর ২০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় কথায় আমরা প্রায়ই বলে থাকি, ‘কথা কম কাজ বেশি’। কোনো কথাই নেই, অথচ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কী চমৎকার সঞ্চালন ও ভঙ্গিমা! আর তাতে প্রতি মুহূর্তে মূর্ত হয়ে ওঠে সমাজ-সংস্কৃতির এক-একটি চমকপ্রদ গল্প। এমন একটি শিল্পের কথাই বলছি, যার নাম মূকাভিনয়। সহস্র বছরের পুরোনো এই শিল্পকে নিয়ে দেশে-বিদেশে কাজ করে চলেছেন অনেকেই। তেমনি একজনের নাম দেবাংশু হোর। ১৯৭৩ সালে চট্টগ্রামের পাহাড়তলিতে তাঁর জন্ম। জীবনের প্রথম দিকে জড়িয়ে যান রাজনীতিতে। তারপর হঠাৎ শিল্পে পদচারণ। স্বপ্ন দেখেন শিল্পের মাধ্যমে সমাজ পরিবর্তনের। ১৯৯২ সালে ভর্তি হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর পড়া হলো না নাটক নিয়ে। মূকাভিনয়ের একটি ক্লাস করতে গিয়ে তাঁর আগ্রহ জাগে এই শিল্পের প্রতি। ব্যস, কাজ শুরু করেন গুরু অঞ্জন দেবের সঙ্গে। প্রায় পাঁচ বছর কাজ করেন সেখানে। ওই সময়ের মধ্যে তিনি যুক্ত হয়ে পড়েন দেশের মূকাভিনয় চর্চা ও আন্দোলনের সঙ্গে। ১৯৯৫ সালে থিয়েটারের আদলে প্রতিষ্ঠা করেন প্যান্টোমাইম মুভমেন্ট। মূকাভিনয় শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেন প্যান্টোমাইম স্কুল। সময়ের সঙ্গে সঙ্গে আসে পেশাদারি মূকাভিনয়ের ভাবনা। ২০০০ সালে প্রতিষ্ঠা করেন ‘নাটুয়া নির্বাক সম্প্রদায়’ নামে একটি সংগঠন। নাটুয়া ও প্যান্টোমাইম স্কুলের মাধ্যমে চলছে তাঁর মূকাভিনয়ের নিবিড় চর্চা। এরই মধ্যে মূকাভিনয় চর্চায় কেটে গেছে তাঁর দুই দশকেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ে দেবাংশু লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন ১৯টি নির্বাক নাট্য এবং ৩০টি মূক-নকশা। এবার তাঁর সঙ্গে আলাপ। ‘প্রতিবছর মে-জুন মাসে ঢাকা ও চট্টগ্রামে দুটি উন্মুক্ত কর্মশালার আয়োজন করে থাকি। এর মাধ্যমে আমরা মূকাভিনয়শিল্পকে ছড়িয়ে দিতে চাই দেশের সর্বত্রই। দেশে-বিদেশে মিলে এ পর্যন্ত আমরা প্রায় এক হাজার ৫০০-রও বেশি প্রদর্শনী করেছি। ২০০১ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে প্রদর্শনীর মধ্য দিয়ে মূলত আমাদের পেশাদারি মূকাভিনয়ের সুচনা’—বললেন দেবাংশু হোর। মূকাভিনয়ের পাশাপাশি তিনি অভিনয় করেছেন গেরিলা ও ডুবসাঁতার চলচ্চিত্রসহ অনেক নাটকে। তবে শিল্পের অন্যান্য শাখায় নয় বরং মূকাভিনয়শিল্পকে নিয়েই তাঁর স্বপ্ন ও বসবাস— জানালেন দেবাংশু। প্রতিবছরের মতো এবারও তাঁরা আয়োজন করেছেন ঢাকা ও চট্টগ্রামে দুটি উন্মুক্ত কর্মশালার। কর্মশালায় অংশ নিতে আগ্রহীরা [email protected] এই ঠিকানায় আবেদন করতে পারবেন বলে জানান দেবাংশু হোর।