দেবের সঙ্গে ভুতু এবার বড় পর্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুতু চরিত্র দিয়ে সবার মন জিতেছিল আরশিয়া।
ভুতু চরিত্র দিয়ে সবার মন জিতেছিল আরশিয়া।

ভুতুকে মনে আছে? ভোলার কথা নয়। জি বাংলার সূত্র ধরে ভুতু ঢুকে পড়েছিল এ বাংলার ড্রয়িংরুমেও। শুধু ঢুকে পড়েনি, আপন হয়ে উঠেছিল সবার। দুষ্টু মিষ্ট ছোট্ট সেই মেয়েটি এবার আসছে বড় পর্দায়। শিগগিরই মুক্তি পাবে তাঁর ছবি। সেটিও দেবের মতো তারকার সঙ্গে। ছবির নাম ‘ককপিট’।

ভুতুর আসল নাম আরশিয়া মুখোপাধ্যায়। দেবের প্রযোজনায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘ককপিট’-এ দেবকেও দেখা যাবে একবারে অন্য ভূমিকায়। ছবির গল্প এক বিমানযাত্রার, যেখানে পাইলটের ভূমিকায় আছেন দেব। বিমানসেবিকার চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। আছেন কোয়েল মল্লিকও।
বিমানে ছোট্ট যাত্রীর ভূমিকায় থাকবে ভুতু ওরফে আরশিয়া। এবার তার চরিত্রের নাম কিটি। কিটির বাবা (অনিন্দ্য) আর মায়ের (সায়নী ঘোষ) মধ্যে চলছে অহংয়ের লড়াই। এ কারণে দুজন থাকে আলাদা। কিটি মায়ের কাছেই থাকে। কখনো কখনো বাবার কাছে যায়। এ রকমই এক যাত্রায় মা মুম্বাই থেকে একাই তাকে তুলে দেন বিমানে, কলকাতায় বাবার কাছে পাঠাতে। সেই বিমানযাত্রার ঘটনা নিয়েই ছবির গল্প।

দেবের সঙ্গে দেখা যাবে তাকে বড় পর্দায়
দেবের সঙ্গে দেখা যাবে তাকে বড় পর্দায়

ভুতু হিসেবে ছোট পর্দার দর্শকদের লম্বা সময় ধরে মাতিয়ে রেখেছিল আরশিয়া। যেখানে সে অভিনয় করেছিল একটি ভূতের চরিত্রে। সেই ছবির কাজে টানা ব্যস্ততা। এরপর বিরতি নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে গেছে আরশিয়া। এখনই বড় পর্দায় আসার ইচ্ছেও ছিল না। কিন্তু পরিচালক কমলেশ্বর, ‘চাঁদের পাহাড়’–এর মতো ভিন্নধর্মী অ্যাডভেঞ্চার ছবি বানিয়ে সুখ্যাতি পেয়েছেন। অভিনয় করছেন দেব, কোয়েলরা। তাই এই প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি তার মা-বাবা।