সন্ধ্যার আগেই আঁধার নেমেছিল শরতের আকাশে। অবশ্য আসি আসি করেও বৃষ্টি নামেনি তখনো। জাতীয় নাট্যশালায় নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে, অথচ কয়েকজন শিল্পী তখনো এসে পৌঁছাননি। যিনি প্রথম গানটি গাইবেন, তিনি আয়োজকদের একজনকে ফোনে জানালেন শেরাটনের সামনে যানজটে আটকে আছেন। নাট্যশালার করিডরে পায়চারিরত সংগীত ও নৃত্যকলা বিভাগের একজন কর্মকর্তা অনবরত ফোন করে যাচ্ছিলেন শিল্পীদের। যানজটের কারণে অনুষ্ঠান শুরু হতে দেরি হলো।
তালিকাভুক্ত কার্যক্রমের অংশ হিসেবে নজরুল প্রয়াণ দিবসের একটি অনুষ্ঠান করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। ‘নেহাত করতে হবে বলে করছি’—বছরের পর বছর এমন ছিল আয়োজন। গতকালের আয়োজনটি একটু ব্যতিক্রমী হতে পারল। এতে চেনা প্রতিষ্ঠিত শিল্পীদের অংশগ্রহণ যেমন ছিল, তেমনি ছিল নৃত্য এবং বৈচিত্র্যময় গানের পরিবেশনা। অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেন কবির নাতনি অনিন্দিতা কাজী। তিনি ভারতের পশ্চিমবঙ্গে থাকেন। এসেছেন এ অনুষ্ঠান উপলক্ষেই। জাতীয় কবির আরেক নাতনি খিলখিল কাজীর পরিবেশনাও মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের। সংগীত পরিচালনা করেন খায়রুল আনাম শাকিল।
আলোচনায় অংশ নিয়ে অনিন্দিতা কাজী বলেন, ‘বাংলাদেশে যতবার এসেছি, ততবারই মনে হয়েছে দাদুর কাছে এসেছি। এই মাটি, এই জল স্পর্শ করলে দাদুর স্পর্শ পাই যেন। ফলে এ দেশের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক হয়ে গেছে।’ অনুষ্ঠানের শুরুতে অনিন্দিতা কাজী ও সৌম্য বোসকে উত্তরীয় পরিয়ে দেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। আলোচনার পর সাংস্কৃতিক পরিবেশনা। ‘নজরুল: বর্ণময় জীবন ও কর্ম’ শীর্ষক এ আলেখ্যানুষ্ঠানে সুর, কথা ও নৃত্যে ফুটিয়ে তোলা হয় কবিকে। দেরিতে শুরু হলেও টান টান ছিল অনুষ্ঠান।
দুই দিকে দুই দল শিল্পীর মাঝে ছিলেন অনিন্দিতা কাজী। শুরুতেই তিনি আবৃত্তি করেন ছোট্ট একটি ছড়া—‘ভোর হল, দোর খোল।’ এরপর শোনালেন তাঁর দাদুর শৈশব-কৈশোরের দিনগুলোর গল্প। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে ছিল দেশাত্মবোধক গান ‘একি অপরূপ রূপে মা তোমার’। শিল্পী নাহিয়ান দুরদানা। শিল্পী খায়রুল আনাম শাকিল শোনান ‘পাষাণের ভাঙালে ঘুম’। প্রতিটি গানের ফাঁকে ফাঁকে অনিন্দিতা বর্ণনা করেন নজরুল ও তাঁর রচনা সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য। ‘চল্ চল্ চল্’ পরিবেশন করেন সরকারি মিউজিক কলেজের শিক্ষার্থীরা। শিল্পী শাহীন সামাদ গেয়ে শোনান ‘ওরে ওঠরে চাষী জগৎ বাসী’। খিলখিল কাজী গেয়ে শোনান ‘তুমি কি বেণুকা বাজাও’ ও ‘করুণ কেন অরুণ আঁখি’। নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ংপ্রভা, মুনমুন আহমেদ ও তাবাসসুম আহমেদ। অনুষ্ঠানে আরও ছিল ইয়াকুব আলী খান, ইয়াসমিন মুস্তারি, সালাউদ্দীন আহম্মদ, শারমিন সাথী ইসলাম প্রমুখের গান। শেষ শিল্পী ছিলেন কলকাতার সৌম্য বোস। তিনি গেয়ে শোনান ‘তোমার আঁখির মত’ ও ‘মনে পড়ে আজ সে কোন জনমে’।