বিজয়ের এই মাসে মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় জাগরণমূলক দুই দিনব্যাপী যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে দেশ অপেরার উদ্যোগে। মূলত সংগঠনটির ২০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। আয়োজনের নামকরণ করা হয়েছে ‘জাগরণী যাত্রা উৎসব।’ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত এ উৎসবে ২০ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে ব্রজেন্দ্র কুমার দে রচিত দেশপ্রেমমূলক যাত্রাপালা বর্গী এলো দেশে। লোকনাট্য গোষ্ঠীর পরিবেশনায় পালাটির নির্দেশনায় আছেন তাপস সরকার। ২১ ডিসেম্বর একই সময়ে মঞ্চায়ন হবে দেশ অপেরার পরিবেশনায় নবাব সিরাজউদ্দৌলা। শচীন সেনগুপ্ত রচিত এ পালার নির্দেশক বিশিষ্ট যাত্রাব্যক্তিত্ব মিলন কান্তি দে।
এ দেশের একটি ব্যতিক্রমী যাত্রা সংগঠন দেশ অপেরা। প্রতিষ্ঠা ১৯৯৩ সালে। প্রতিষ্ঠাতা মিলন কান্তি দে এবং সেই সময়ে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন পালাকার ও সাংবাদিক এম এ মজিদ। পালা প্রযোজনা ছাড়াও যাত্রাবিষয়ক গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছে দেশ অপেরা।
শিল্পকলা একাডেমী কর্তৃক নিবন্ধিত এ দল এবার সব শিল্পী-কুশলীকে পুরস্কৃত করবে এবং একুশে পদকপ্রাপ্ত যাত্রানট অমলেন্দু বিশ্বাস স্মরণে তিনজন গুণী ব্যক্তিত্বকে প্রদান করবে অমলেন্দু বিশ্বাস স্মৃতি পদক।
দলের স্বত্বাধিকারী মিলন কান্তি দে বলেন, ‘যাত্রাঙ্গনে এ ধরনের পূর্তি উৎসব এটাই প্রথম। মুক্তিযুদ্ধ, বিজয়, বর্তমান প্রেক্ষাপট—এসব বিষয় সামনে রেখে আমরা জাগরণী যাত্রা উৎসবের আয়োজন করেছি। বর্গী এলো দেশে ও নবাব সিরাজউদ্দৌলা যাত্রাপালায় অভিনয় করেছেন গাজী বেলায়েত, এম আলীম, এম আলম লাবলু, সিরাজ মিয়া, বজলুর রশীদ, মনি, রেখা গুণ, রিক্তা, মনসুর, অলি ও বিশিষ্ট যাত্রাভিনেত্রী রিক্তা সুলতানা।