দেশ টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি ভালো লাগার গল্প নাটকের দৃশ্য
একটি ভালো লাগার গল্প নাটকের দৃশ্য

ভূতগুলো ডাকাত হলো

দেশ টিভিতে ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক ভূতগুলো ডাকাত হলো। লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ঈশিতা, শর্মিলী আহমেদ প্রমুখ। রুপা আর আসমার চাপে উত্তরার নতুন বাসায় উঠেছে মিজান। কিন্তু কিছুতেই এই নতুন বাসায় মিজানের মন বসছে না। তার মন ভালো করার জন্য রুপা বুদ্ধি করে আগের বাসার মালিক ও দারোয়ানকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। সত্যি সত্যি মিজান তাদের পেয়ে খুশি হয়। সেই রাতেই রুপার মুঠোফোনে একটা কল আসে। এরপর একদিন গভীর রাতে বাসায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই মুখোশ পরে ডাকাত দল ঢোকে। তারা ৫০ লাখ টাকা চায়। এদিকে এই দলের একজনের মুঠোফোনটি বেজে ওঠে। প্রকাশ হয়ে যায় অনেক কিছু।

একটি ভালো লাগার গল্প

দেশ টিভিতে ঈদের পরদিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক একটি ভালো লাগার গল্প। লিখেছেন মশিউল আলম, পরিচালনা করেছেন রতন পাল। অভিনয় করেছেন সানজিদা প্রীতি, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। জনপ্রিয় অভিনেতা ইমরান বেড়াতে গিয়ে এক রিসোর্টে উঠেছে। সবাই তাকে সমীহ করলেও এক তরুণী ইমরানকে চেনে না। বিষয়টি ইমরানকে বিস্মিত করে তোলে। সে মেয়েটির সঙ্গে কথা বলে। তার ব্যক্তিত্ব ইমরানকে মুগ্ধ করে। ইমরানকে মেয়েটি তার বাসায় নিয়ে যায়। পরিচয় করিয়ে দেয় তার স্বামীর সঙ্গে। মেয়েটির স্বামী পক্ষাঘাতগ্রস্ত। মেয়েটির স্বামীর অনুরোধে ইমরান মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ইমরান মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি জানায়, সে তার স্বামীকে নিয়ে সুখী জীবন যাপন করছে। ভাড়াটে খুনি দিয়ে ইমরান মেয়েটির স্বামীকে খুন করে।

বাঘবন্দী-দ্য মাইন্ড গেম

বাঘবন্দী-দ্য মাইন্ড গেম নাটকের দৃশ্যে আসাদুজ্জামান নূর ও মেহজাবিন
বাঘবন্দী-দ্য মাইন্ড গেম নাটকের দৃশ্যে আসাদুজ্জামান নূর ও মেহজাবিন


দেশ টিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত নয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক বাঘবন্দী-দ্য মাইন্ড গেম। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী, পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, মেহজাবিন প্রমুখ। ভাদুর বিচরণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর চারুকলা অনুষদ। তাকে কখনো দেখা যায় ফুটপাতের পুরোনো বইয়ের দোকানে। মনোযোগ দিয়ে বই ঘাঁটে সে। কবিতার বই তার প্রথম পছন্দ। গোপন এক প্রেমিকাও আছে ভাদুর। সেদিন ভাদুর কাছে লোক মারফত খবর আসে, তাকে একটি বিশেষ কাজ করতে হবে। সেই বিশেষ কাজটি হচ্ছে খুন। ভাদু নিছক ভাড়াটে খুনি নয়। একটি মানুষকে খুন করার আগে খুনির সঙ্গে কঠিন একটা ‘মাইন্ড গেম’ খেলে সে। শিকারকে সে নিয়ে যায় সহ্যের শেষ সীমায়।

তারাদের লুকোচুরি

দেশ টিভিতে ঈদের তৃতীয় দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক তারাদের লুকোচুরি। লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন স্বাগতা, ইরেশ যাকের প্রমুখ। খালি এক বাড়িতে থাকে ভূত পাপড়ি। সেই বাড়িতে ভাড়া আসে একজন ব্যাচেলর ছেলে—রিমন। পাপড়ি তাকে দেখে, কিন্তু রিমন দেখতে পায় না। অনেক চেষ্টা করেও পাপড়ি রিমনকে তার উপস্থিতি বোঝাতে পারে না। ঘটনাচক্রে একদিন পাপড়িকে দেখে ভয় পায় রিমন। সে বাসা ছেড়ে দিতে চায়। পাপড়ি তাকে না যেতে অনুরোধ করে। তাকে ছোট একটি কাজ করে দিতে বলে। কী সেই কাজ?