দেশ টিভিতে শুরু হচ্ছে নতুন দুটি ধারাবাহিক
আগামী ১৭ এপ্রিল থেকে দেশ টিভিতে শুরু হচ্ছে দুটি নতুন ধারাবাহিক নাটক। নাটক দুটির নাম ‘গহীনে’ এবং ‘সাতকাহন’। প্রচারিত হবে চ্যানেলটির নতুন সময়সূচি অনুযায়ী। সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৩০ মিনিট ও রাত আটটা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘গহীনে’ এবং সন্ধ্যা ছয়টা ১৫ মিনিট ও রাত নয়টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘সাতকাহন’। গহীনে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ আর সাতকাহন পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস ‘সাতকাহন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই নাটকটি। নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়াউদ্দিন। নাটক দুটির প্রচার উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর, উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, অনুষ্ঠানপ্রধান পারভেজ চৌধুরী, মার্কেটিং অ্যান্ড ইভেন্টস বিভাগের প্রধান মুকুল রায় চৌধুরী এবং পরিচালক গোলাম সোহরাব দোদুল ও বদরুল আনাম সৌদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নাটক দুটির শিল্পী, কলাকুশলী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।গহীনে ধারাবাহিকের অভিনয়শিল্পীরা হলেন রাইসুল ইসলাম আসাদ, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, জীতু আহসান, ইন্তেখাব দিনার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, বন্যা মির্জা, শামস সুমন, সানজিদা প্রীতি, সাজু খাদেম প্রমুখ।আর সাতকাহনের অভিনয়শিল্পীরা হলেন আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, শর্মিলী আহমেদ, ইনামুল হক, মিতা চৌধুরী, মীর সাব্বির, শামস সুমন, লুত্ফর রহমান জর্জ, জয়রাজ, নওশাবা প্রমুখ। সাতকাহন নাটকে দীপাবলি চরিত্রটির তিন বয়সে আরিফা নিয়াজ পৃথা, অর্ষা ও সাদিয়া ইসলাম মৌকে দেখা যাবে।