দেশ টিভিতে ‘গহীনে’ ও ‘সাতকাহন’
গহীনে ও সাতকাহন। আজ রোববার দেশ টিভিতে শুরু হচ্ছে এ দুটি নতুন ধারাবাহিক। এ উপলক্ষে ১১ এপ্রিল রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে ধারাবাহিক দুটির বিস্তারিত তুলে ধরেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর।রোববার থেকে বৃহস্পতিবার—প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় ও রাত সোয়া আটটায় দেখানো হবে গহীনে এবং সাতকাহন সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে ১০টায়।আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা দর্শকদের বাংলা ধারাবাহিকের দিকে ফিরিয়ে আনতে চাই। গহীনে আর সাতকাহন দেখা থেকে যেন কোনো দর্শক বাদ না পড়ে, সে জন্য দেশ টিভি একই দিনে একাধিকবার নাটক দুটি প্রচারের উদ্যোগ নিয়েছে।’গহীনে ধারাবাহিকটি লিখেছেন ও পরিচালনা করছেন বদরুল আনাম সৌদ আর সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে সাতকাহন ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়াউদ্দিন, পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।ধারাবাহিক দুটির কলাকুশলী ও অভিনয়শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।