দেশ-বিদেশের নাটকের উৎসব
নাটকের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) আয়োজনে আবারও শুরু হয়েছে আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১২। ১৯৯১ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল এই নাট্যোৎসবের। এবার দশমবারের মতো আট দিনব্যাপী উৎসবের উদ্বোধন হয়ে গেল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গত ২৭ মে সন্ধ্যা ছয়টায়। এবারের নাট্যোৎসবে প্রদর্শনী করছে বাংলাদেশের আরণ্যক নাট্যদল, নাগরিক নাট্য সম্প্রদায়, ঢাকা থিয়েটার, থিয়েটার বেইলী রোড, সাধনা, গণায়ন (চট্টগ্রাম), শূন্যন রেপার্টরি, দেশ নাটক, ঢাকা থিয়েটার, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ, মহাকাল নাট্য সম্প্রদায়, নাট্যম রেপার্টরি, ঢাকা পদাতিক ঐকিক থিয়েটার, মাটিগড়া ধামের দল (ঠাকুরগাঁও), মণিপুরী থিয়েটার, ইউনিভার্সেল থিয়েটার। শিল্পকলা একাডেমী (নারায়ণগঞ্জ), দেশবাংলা থিয়েটার, ঐকিক থিয়েটার, পল্লবী ড্যান্স সেন্টার এবং শব্দ নাট্য চর্চাকেন্দ্রসহ চীনের নানিং সিটি অপেরা, সংযুক্ত আরব-আমিরাতের দি পিয়ানিস্ট ও ভারতের দুটি নাট্যদল। উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূল হল, এক্সপেরিমেন্টাল হল এবং স্টুডিও থিয়েটার হলে। উৎসব প্রসঙ্গে আইটিআইর সভাপতি রামেন্দু মজুমদার বলেন, ‘১৯৯১ থেকে প্রতি দুই বছর পর পর আমরা এই নাট্যোৎসবের আয়োজন করে আসছি। এ ধরনের উৎসব আয়োজনের ফলে দেশ-বিদেশে নাট্যদলগুলোর পারস্পরিক নাট্যচর্চা ও ভাবের আদান-প্রদানের অপার সুযোগ সৃষ্টি হয়।’ তিনি আরও বলেন, ‘গত বছর আমরা প্রথম ঢাকা “ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্ট ২০১১” নামে একটি আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করেছিলাম। আগামী বছর থেকে এই শিরোনামে আইটিআই নাট্যোৎসবগুলোর আয়োজন হবে।’ ২৭ মে উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হয়েছে থিয়েটার বেইলী রোডের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় সন্ধ্যা সাতটায়। একই সময়ে এক্সপেরিমেন্টাল হলে ভারতের নাটক মিডিয়া এবং স্টুডিও থিয়েটার হলে শূন্যনের লাল জমিন নাটকের প্রদর্শনী হয়। নাটকের মঞ্চায়ন ছাড়া আয়োজন করা হয় নাট্য কর্মশালার। কর্মশালাটি পরিচালনা করেন চীনের নানিং সিটি অপেরা। উৎসব শেষ হবে ৩ জুলাই।