দেশজুড়ে বর্ষবরণ
কাল বৃহস্পতিবার ১৪১৮ সালের প্রথম সকালে ঢাকাসহ দেশের নানা স্থানে আয়োজন করা হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। সকাল সোয়া ছয়টায় রমনার বটমূলে হবে ছায়ানটের অনুষ্ঠান। এরপর সকাল সাতটায় ভাসানী সড়কে শিশুপার্কের সামনে নারকেলবীথি চত্বরে গান করবে ঋষিজ শিল্পীগোষ্ঠী। সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডির রাইফেল স্কয়ারের বিপরীতে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে রবিরাগ ও নৃত্যাঞ্চল। একই সময়ে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে হবে গান ও নাচের অনুষ্ঠান। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রবি-চ্যানেল আই বৈশাখী মেলা’। রমনা পার্কে সকাল নয়টায় হবে এয়ারটেল ভালোবাসার বৈশাখ অনুষ্ঠান। বাংলালিংকের আয়োজনে বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে হবে বৈশাখী উৎসব। পাবনায় সকাল নয়টায় অনুষ্ঠিত হবে রুচি বৈশাখী উৎসব। এখানে গান করবে মিলা, দূরবীন, শূন্য, হূদয় খান ও পাবনার স্থানীয় শিল্পীরা। নন্দন পার্কে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে প্রাণ ফ্রুটো বৈশাখী উৎসব। এখানে অংশ নেবেন জেমস, মমতাজ, বিপ্লব, বাউল শফি মন্ডল ও তিশমা। চট্টগ্রামে ডিসি হিল চত্বরে সকাল ছয়টায় সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান। বরিশালে ব্রজমোহন বিদ্যালয় মাঠে কাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বগুড়ায় দিনবদলের মঞ্চ বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করেছে সাতমাথা টেম্পল রোডে। ময়মনসিংহে টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে আলোকময় নাহা সংগীত বিদ্যালয় আয়োজন করেছে কাল থেকে তিন দিনের অনুষ্ঠান। সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শ্রুতি সিলেটের অনুষ্ঠানটি হবে কাল। খুলনায় নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র ও আব্বাস উদ্দীন একাডেমি যৌথভাবে জাতিসংঘ পার্কে আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান।