শিল্পচর্চা প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন শিল্পকলার নানা মাধ্যমে কাজ করলেও চিত্রকলা সেখানে সব সময় গুরুত্ব পেয়েছে। শুধু প্রদর্শনী আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই পথচলা। পাশাপাশি বিভিন্ন আর্ট ক্যাটালগ, বই, ফোলিও প্রকাশিত হয়েছে। এই প্রকাশনাগুলো নিয়েই এবার অন্য রকম এক উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানের প্রকাশিত ৪০ হাজার আর্ট ক্যাটালগ, ফোলিও ও বই দেশের ৭০টি শাখা, উপজেলা, জেলা ও বিভাগীয় গণগ্রন্থাগারে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে তারা।
গণগ্রন্থাগারগুলোতে এই ক্যাটালগগুলো হস্তান্তর উপলক্ষে গতকাল সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ ও গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানে কীভাবে দেশের বিভিন্ন অঞ্চলের গণগ্রন্থাগারগুলোতে এই ক্যাটালগ ও বইগুলো পৌঁছানো হয়েছে, সে বিষয়ে আট মিনিটের একটি তথ্যচিত্র দেখানো হয়।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৬৪টি জেলার গণগ্রন্থাগারের প্রতিটিতে ২৩৭টি আইটেমের ৫৬৪টি করে ক্যাটালগ হস্তান্তর করা হয়েছে। কাজটি করতে তাদের সহযোগিতা করেছে গণগ্রন্থাগার অধিদপ্তর। দুই শতাধিক শিল্পীর কাজের প্রতিলিপি, শিল্পীর সংক্ষিপ্ত জীবনী এবং প্রদর্শনী ও শিল্পরীতি সম্বন্ধে শিল্প সমালোচকদের প্রবন্ধ ক্যাটালগে পত্রস্থ হয়েছে। আছে শিশুশিল্পী ও নারী শিল্পীদের কাজের প্রতিলিপিও।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘সংস্কৃতিচর্চা ছাড়া আলোকিত মানুষ গড়া সম্ভব নয়। আমরা যদি আলোকিত মানুষ গড়তে না পারি, তাহলে অন্ধকারের শক্তি বারবার আঘাত হানতেই থাকবে এবং আঘাত কিন্তু হানছে। কারণ, এরা ধর্মও বোঝে না, সংস্কৃতিও বোঝে না। কিন্তু ধর্মের নামে মানুষ হত্যা করছে। এ জন্য সর্বস্তরের মানুষের সচেতন হওয়া দরকার। সেই সচেতনতা আসতে পারে সংস্কৃতির চর্চা থেকে। এ ধরনের বই গণগ্রন্থাগারে দেওয়ার ফলে বৈচিত্র্য সংযোজিত হলো।’
আবুল খায়ের বলেন, ‘বইয়ের কেনো বিকল্প নেই। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলে এ বইগুলো দেওয়ার পরিকল্পনা করছি।’