দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু ২৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বয়স ও বিষয়ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ২০১৬-এর চূড়ান্ত পর্ব শুরু হবে আগামী ২৩ অক্টোবর। ২৭ অক্টোবর পর্যন্ত এ পর্ব চলবে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।


২৩ অক্টোবর সকাল ১০টায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী ও নৃত্যশিল্পী বেগম রাহিজা খানম। তৃতীয়বারের মতো শিল্পকলা একাডেমির সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।

এবারের আয়োজনে দেশের সব জেলা থেকে প্রতিটি বিষয়ে মোট পাঁচজন করে প্রতিযোগীকে বাছাই করা হয়েছে চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত প্রতিযোগিতায় নৃত্যের প্রতিটি বিষয় থেকে ১০ জন “সেরা দশ” হিসেবে মনোনীত হবে। এর আগে গত ৩ থেকে ৬ অক্টোবর প্রতিটি জেলা সদরে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই হয়।

আগামী ৩১ অক্টোবর শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি ভবন মিলনায়তনে বিজয়ীদের সনদপত্র দেওয়া হবে। প্রধান অতিথি হিসেবে সনদপত্র দেবেন তথ্যমন্ত্রী হাসানুল হক
ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি সচিব আক্‌তারী মমতাজ।

এ ছাড়া এ বছর দেশের চারজন অসচ্ছল নৃত্য শিক্ষার্থীকে নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর নামে ‘বুলবুল নৃত্য বৃত্তি’র আওতায় আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।