দেশব্যাপী শুরু হচ্ছে ধারাবাহিক কনসার্ট
‘হল অব রক’ নামের ধারাবাহিক কনসার্টের আয়োজন করেছে বাংলা ট্র্যাক মিডিয়া। আগামীকাল শুক্রবার ঢাকার রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র থেকে শুরু হচ্ছে এই আয়োজন। বেলা তিনটায় শুরু হবে কনসার্ট। গাইবে আর্বোভাইরাস, পাওয়ারসার্জ, মেকানিকস, ফিউনেরাল অ্যানথেম, থ্র্যাশ ও দ্য ম্যানেজারের মতো আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো। কনসার্টের আয়োজক ইকবাল আসিফ বলেন, ‘আমরা মূলত সামাজিক সচেতনতার জন্যই এই উদ্যোগ হাতে নিয়েছি। প্রতি মাসে একটি করে কনসার্টের আয়োজন করা হবে। কেবল ঢাকাতেই নয়, কনসার্টের আয়োজন করা হবে দেশের বিভিন্ন এলাকায়। একেক কনসার্টে থাকবে একেক ঘরানার গান, ব্যান্ড ও শিল্পী। চলবে শীত মৌসুম পর্যন্ত। সবশেষে একটি ওপেন এয়ার কনসার্টের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এই ধারাবাহিক আয়োজন।’কনসার্টের পাশাপাশি শুক্রবার মিউজিশিয়ান অ্যালায়েন্স উদ্বোধন করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘চল চল চল’ গানটির মিউজিক ভিডিও। গানটি গেয়েছেন দেশের ১৪টি ব্যান্ডের শিল্পীরা। ব্যান্ডের শিল্পী ও ব্যান্ডগুলো হলো মাকসুদ (মাকসুদ ও ঢাকা), সাকিব (ক্রিপটিক ফেইট), লিঙ্কন (আর্টসেল), ইকবাল আসিফ (মাইলস), সুফী (আর্বোভাইরাস), জোহাদ (নেমেসিস), রাফা (অর্থহীন), আলিফ আলাউদ্দীন (ফোরটিন্থ ফ্লোর), ত্রিদিব (মেকানিক্স), জামশেদ (পাওয়ারসার্জ), ফারশিদ (বোহেমিয়ান), তাপস কৌশিক হোসাইন, রিয়েল (শ্র্যাপ্নেল মেথড) ও আদনান (ক্রাল)। মিউজিক ভিডিও উদ্বোধনের সময় তাঁদের সবারই উপস্থিত থাকার কথা জানালেন ইকবাল আসিফ। সঙ্গে বললেন, ‘আমরা মূলত যুদ্ধাপরাধীদের সুষ্ঠু বিচারের দাবিতেই গানটি করেছি।’