দেশান্তরি হচ্ছেন নাটালি পোর্টম্যান

মার্কিন মুলুক ছেড়ে ফ্রান্সেই স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী নাটালি পোর্টম্যান। শিগগির ফরাসি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে যাচ্ছেন ইসরায়েলি বংশোদ্ভূত এ মার্কিন অভিনেত্রী। স্বামী ফরাসি কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলেপিয়েড ও ছেলে আলেফকে নিয়ে আগামী বছর লস অ্যাঞ্জেলেস ছেড়ে ফ্রান্সে চলে যাবেন বলেই জানিয়েছেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
প্যারিস অপেরা ব্যালেটে চাকরি পেয়েছেন বেঞ্জামিন। আগামী বছর তিনি চাকরিতে যোগ দেবেন। সম্ভবত এ কারণেই সপরিবারে প্যারিসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এ কোরিওগ্রাফার। এরই মধ্যে প্যারিসে বাড়ি খোঁজাও শুরু করেছেন নাটালি-বেঞ্জামিন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘কনট্যাক্টমিউজিক’।
এ প্রসঙ্গে ‘ব্ল্যাক সোয়ান’ তারকা নাটালি জানিয়েছেন, ‘২০১৪ সালের শেষের দিকে প্যারিস অপেরা ব্যালেটে চাকরি শুরু করবে বেঞ্জামিন। আমরা প্যারিসে থাকার জন্য অ্যাপার্টমেন্ট খুঁজছি। লস অ্যাঞ্জেলেস ছেড়ে প্যারিসে থাকা শুরু করলে অবশ্যই আমার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। আমি ঠিক জানি না, সেখানে আমার সামনে কেমন জীবন অপেক্ষা করছে। তার পরও আমি খুবই উচ্ছ্বসিত।’
নাটালি আরও জানান, ‘আমার ফরাসি নাগরিকত্ব নেই। পাব কি না, তা-ও জানি না। কারণ, এখন আমার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুটি পাসপোর্ট আছে। তবে ফরাসি নাগরিকত্ব পেলে আমার অনেক ভালো লাগবে।’ তিনি মজা করে এ-ও বলেন, ‘নামের সঙ্গে ফরাসি গন্ধ যুক্ত করতে মনে হচ্ছে নাটালির পরিবর্তে নাথালিহ করতে হবে।’
নাটালি অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ‘ব্ল্যাক সোয়ান’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। এতে ব্যালে নৃত্যশিল্পী চরিত্রে অনবদ্য অভিনয় তাঁকে এনে দিয়েছিল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। ছবিটির কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেঞ্জামিন। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান নাটালি ও বেঞ্জামিন। দুই বছর পর পূর্ণতা পায় তাঁদের প্রেম। ২০১২ সালের আগস্টে তাঁরা বিয়ে করেন। বিয়ের তিন মাস পর ছেলে সন্তানের জন্ম দেন নাটালি। বাবা-মায়ের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখা হয় আলেফ পোর্টম্যান মিলেপিয়েড।