দেশি পোশাকের বর্ণিল উপস্থাপনা
বাংলা গানের সুর-ছন্দের সুষমায় আধুনিক নাগরিক রুচির উপযোগী পোশাকের বর্ণিল উপস্থাপনা হলো গতকাল রোববার। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ আর ফতুয়ায় সজ্জিত হয়ে র্যাম্প মডেলরা সংগীতের তালে তালে উপস্থিত হয়েছিলেন মিলনায়তনভর্তি দর্শকদের সামনে। ঈদুল ফিতর সামনে রেখে দেশীয় পোশাকশিল্পের প্রচার, প্রসার এবং তা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও পাক্ষিক অন্যদিন ও বেক্সিফেব্রিক্স্ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দেশীয় সুতির থানকাপড় পরিহিত একদল তরুণ-তরুণীর ব্যতিক্রমী পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ‘বেক্সিফেব্রিক্স্-অন্যদিন ঈদ ফ্যাশন-২০১১’ নামের এই অনুষ্ঠান। এরপর ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ এবং ‘এসো শ্যামল সুন্দর’ গানের সঙ্গে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা। নাচের পর চলতে থাকে দেশের খ্যাতনামা পোশাক তৈরির প্রতিষ্ঠানের নানা ধরনের পোশাকে সজ্জিত তরুণ-তরুণীদের বিশেষ প্রদর্শনী। এতে ছিল জামদানি, টাঙ্গাইল, শিফন, বেনারসি ইত্যাদি শাড়ির ওপর বর্ণিল সুতা, ব্লক ও চুমকির কাজ। সুতিসহ নানা কাপড়ের ওপর প্রিন্ট করা সালোয়ার-কামিজ ও ফতুয়া পরে মডেলরা পোশাকগুলোর বৈশিষ্ট্য তুলে ধরেন দর্শকদের সামনে। পোশাক প্রদর্শনীর পাশাপাশি ছিল গান ও নৃত্য পরিবেশনা। পঞ্চদশবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে দেশীয় বস্ত্রশিল্পে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের তাঁতি আবদুল মান্নানকে। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ২৫ হাজার টাকার প্রতীকী চেক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অন্যদিন সম্পাদক মাসুম রহমান, শিল্পী চন্দ্র শেখর সাহা প্রমুখ। এবারের আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ১৫টি বুটিক প্রতিষ্ঠানসহ চট্টগ্রাম ও সিলেটের দুটি ফ্যাশন প্রতিষ্ঠান অংশ নেয়। এদের মধ্যে ছিল নবরূপা, নিপুণ, কে-ক্রাফট, অঞ্জন’স, রঙ, মিয়াবিবি, সাদাকালো, এড্রয়েট, কাজী ক্রাফট, সালসাবিল, শৈল্পিক, উইমেন্স ফ্যাশন ওয়ার্ল্ড, সিনাই, অন্যমেলা, ম্যাকয়, চট্টগ্রামের ডিজাইনার্স ফোরাম ও বেক্সিফেব্রিক্স্ প্রোডাক্ট।বাংলাদেশের হূদয় হতে‘বড়ো বেদনার মতো বেজেছ তুমি হে’, ‘আমার জ্বলেনি আলো’, ‘চিত্ত পিপাসিত’, ‘অন্ধকারের উ ৎ স হতে উ ৎ সারিত আলো’, ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’, ‘আমার এই পথ-চাওয়াতেই আনন্দ’—এমনি ১৫০টি রবীন্দ্রসংগীত নিয়ে প্রকাশ করা হয়েছে ১৫টি সিডি।এসব সিডির সঙ্গে আছে একটি বই। তাতে ওই গানগুলোর বাণী ও যে শিল্পীরা গেয়েছেন, তাঁদের পরিচিতি। এ ছাড়া আছে নির্বাচিত গান ও শিল্পীদের আলাপচারিতার ডিভিডি। এসব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিসংবলিত একটি সুদৃশ্য পাটের ব্যাগে ভরে তার নাম দেওয়া হয়েছে, ‘বাংলাদেশের হূদয় হতে’। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ছিল এর প্রকাশনা অনুষ্ঠান।এটি একটি ব্যক্তিগত উদ্যোগ। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষে কবিকে শ্রদ্ধা জানাতে সিডিগুলো প্রকাশ করেছেন শিল্পী রেহানা সিদ্দিকী। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, মালেকা আজিম খান, ফাহমিদা খাতুন, করুণাময় গোস্বামী, হাসিনা মমতাজ, দিল মনোয়ারা প্রমুখ। রেহেনা সিদ্দিকী জানান, ‘রবীন্দ্রনাথকে আমাদের সমাজে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এর উদ্দেশ্য।’ অনুষ্ঠানে ১০ জন প্রবীণ শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। শিল্পীরা হলেন: প্রয়াত আবদুল আহাদ, কলিম শরাফী, আফসারী খানম ও জাহিদুর রহিম। জীবিত মধ্যে ছিলেন বিলকিস নাসির উদ্দিন, মালেকা আজিম খান, সন্জীদা খাতুন, ফাহমিদা খাতুন, মাহমুদা খাতুন ও অজিত রায়।