দেশি-বিদেশি সংগীতের আনন্দ উৎসব
মঞ্চ ও প্রাঙ্গণজুড়ে শোভা পাচ্ছে নানা রং আর আকৃতির ব্যানার। দর্শক-শ্রোতার আগমন নির্ধারিত সময়ের আগেই। অনেকেই এসেছেন সবান্ধবে, কেউ কেউ সপরিবারে। অনেকে সংগীত উপভোগ করেন প্রাঙ্গণময় ঘুরে বেড়িয়ে। অনেকে ঘাসের ওপর বসে। কোনো কোনো পরিবার রীতিমত চাদর-মাদুরব বিছয়ে বসে গিয়েছিলেন আয়েশ করে। প্রথমটায় দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল অল্পই। বেলা বাড়ার সঙ্গে তাদের সমাগমও বাড়তে থাকে। দেশি-বিদেশি সংগীতানুরাগী ও শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্ধ্যার পর যথার্থ উৎসবের রূপ নেয় ‘ঢাকা ওয়ার্ল্ড মিউজিক ফেস্ট ২০১১’। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ উৎসবের আয়োজন করে কালচারপোট, এক্সক্যালিবার এন্টারটেইনমেন্ট, যাত্রিক ও সিমবিয়ান্স পার্টনারস। গতকাল শুক্রবার বিকেলে লালন ব্যান্ডের শাজাহান মুন্সীর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গানের পালা। তিনি প্রথমে রজব আলী দেওয়ানের বাউল গান ‘ও গো তুমি সুন্দর তাই তো সুন্দর’ পরিবেশন করেন। এর আগে স্বাগত বক্তব্যে কালচারপোটের রুনি খান বলেন, ‘ফেব্রুয়ারি ভাষার মাস। আর সংগীত হচ্ছে সর্বজনীন ভাষা। এ মাসে আন্তর্জাতিক সংগীত উৎসবের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’ লালন ব্যান্ডের রব ফকির পরিবেশন করেন ‘নবী আমার দীনের রাসুল’। বেবী আক্তার ও তাঁর দল পরিবেশন করে ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’। রিংকু পরিবেশন করেন ‘বাউল মন’। অনুষ্ঠানে কিউবান ল্যাটিন সংগীত পরিবেশন করে ব্যান্ড মোটিম্বা। যুক্তরাজ্যের ব্যান্ড সোদ শেয়ার পরিবেশন করে ‘হার্ড টাইমস’। লক্ষ্মীট্যারা পরিবেশন করে শচীন দেববর্মনের ‘তুমি এসেছিলে পরশু’, হেমন্ত মুখোপাধ্যায়ের ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’ এবং দেশাত্মবোধক ‘একসাগর রক্তের বিনিময়ে’। এ ছাড়া সংগীত পরিবেশন করে ব্যান্ড আজব ও আফ্রিকান ব্যান্ড ডেলে সোসেমি। আজ শনিবার উৎসবের শেষদিন।