সারা বিশ্বের শিল্পকলার নির্মাণকৌশলে গেল কয়েক বছরে ঘটে গেছে এক বৈপ্লবিক পরিবর্তন। ত্রিমাত্রিক উপস্থাপনের নানা বৈচিত্র্যময় আয়োজন বিশ্বশিল্পের অবয়ব পাল্টে দিয়েছে। আমাদের দেশেও এর ঢেউ এসে লেগেছে। এবং সমসাময়িকদের মধ্যে অনেকে এসবে প্রভাবিত হয়েছেন। গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় এর প্রমাণ মিলল আবারও। চিত্রশালায় অনুষ্ঠিত হলো ১৯ জন শিল্পীর দিনব্যাপী প্রদর্শনী। দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে বৃত্ত আর্ট ট্রাস্ট ১৩ ফেব্রুয়ারি থেকে ১০ দিনের কর্মশালার আয়োজন করেছিল। এ কর্মশালায় দেশের ১০ জন শিল্পীর সঙ্গে অংশ নেন বিদেশের নয়জন শিল্পী। কর্মশালায় এসব শিল্পীর শিল্পকর্ম নিয়ে শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘ওপেন স্টুডিও ডে’ শিরোনামের প্রদর্শনীতে শিল্পকর্ম উপস্থাপনের পাশাপাশি ছিল শিল্পীদের কাজ নিয়ে দর্শকের সঙ্গে মতবিনিময়। প্রদর্শনীতে মূলত উপস্থাপিত হয়েছে স্থাপনাশিল্প ও ভিডিওগ্রাফি।কর্মশালা ও প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন তরুণ ঘোষ, মো. জিল্লুর রহমান, তানজিল তুশি, অসীম হালদার, কামরুজ্জামান স্বাধীন, নাসিমা হক, মোল্লা সাগর প্রমুখ। দ্য সার্কেল লেসন টুতরুণ উদীয়মান শিল্পীদের সংগীত অ্যালবাম দ্য সার্কেল লেসন টু-এর মোড়ক উন্মোচন হয়ে গেল গতকাল। সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এ অ্যালবামের মোড়ক উন্মোচিত হয়। অ্যালবামটিতে গান গেয়েছেন আরাফাত, রিফাত, রিন্তি, আহমেদ, জনি, রাসেল, প্রিন্স, আসরার রিফাত, নাইম, জাহিদ, জেনি, সচি, জয়ি ও পৃথ্বিরাজ। সংগীতায়োজন করেছেন সচি, পাভেল ও আরমান। অ্যালবামটির সমন্বয়ক গীতিকার সাঈদ ফরহাদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কনকচাঁপাসহ বেশ কয়েকজন সংগীতশিল্পী উপস্থিত ছিলেন।টিএসসিতে চলছে আবৃত্তি অনুষ্ঠানমানবতাবিরোধী অপরাধীদের বিচার, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও শাহবাগে চলমান গণজাগরণের সঙ্গে সংহতি প্রকাশ করে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের উন্মুক্ত প্রাঙ্গণে ১৬ দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার ছিল অনুষ্ঠানের পঞ্চম দিন। এদিন সন্ধ্যায় একক কণ্ঠে আবৃত্তি করেন মাহিদুল ইসলাম, তামান্না মরিয়ম, শিমূল মুস্তাফা, রফিকুল ইসলাম, নাসিমা খান, ঝর্ণা সরকার, ইকবাল খোরশেদ প্রমুখ। আজ বেঙ্গলে দ্বৈত চিত্রকলা প্রদর্শনীবেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ থেকে শিল্পী কাজী সাঈদ আহমেদ এবং শিল্পী সরকার নাহিদ নিয়াজীর ‘সম্পর্কের প্রত্নতত্ত্ব’ শীর্ষক দ্বৈত চিত্রকলা প্রদর্শনী শুরু হবে।আজ সন্ধ্যা ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে ১১ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। গতকাল শনিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পী কাজী সাঈদ আহমেদ, শিল্পী সরকার নাহিদ নিয়াজী এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন।