দেশিকোত্তম নিতে এসে কাঁদলেন মান্না দের মেয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নাগরিক সম্মান দেশিকোত্তম এবার দেওয়া হলো প্রয়াত কিংবদন্তি শিল্পী মান্না দেকে। গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন উৎসব আয়োজন করা হয়। এই আয়োজনে দেশিকোত্তম সম্মান তুলে দেওয়া হয় মান্না দের মেয়ে সুমিতা দেবের হাতে। এ সময় সুমিতা দেব কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘বেঙ্গালুরুর হাসপাতালে বাবা যখন চিকিৎসাধীন ছিলেন, তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বাবাকে এই সম্মান দেওয়ার কথা জানিয়েছিল। পরে হাসপাতালে গিয়ে বাবাকে আনুষ্ঠানিকভাবে এই সুখবর তারা দিয়েছিল। কিন্তু বাবা নিজে এই সম্মান নিয়ে যেতে পারলেন না।’
সুমিতা দেবের হাতে এই সম্মাননা তুলে দেন বিশ্বভারতীর রেক্টর ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মান্না দে গত ২৪ অক্টোবর প্রয়াত হন।