শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সমকালীন দেশীয় চলচ্চিত্র উৎসব। গতকাল বুধবার বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।গওহর রিজভী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি সংস্কৃতি। এই সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে চলচ্চিত্র। বাংলাদেশের ইতিহাস দ্রুত পরিবর্তন হয়েছে আর তার সঠিক ইতিহাস ধরে রেখেছে এই চলচ্চিত্র।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশে এখনো ভালো সিনেমার দর্শক আছে। জীবনকে বুঝতে হলে ভালো সিনেমা দেখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন, সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।এরপর ২০ জন চলচ্চিত্রকারকে সম্মাননা পদক ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা। সম্মাননাপ্রাপ্তরা হলেন হুমায়ূন আহমেদ (প্রয়াত), তারেক মাসুদ (প্রয়াত), চাষী নজরুল ইসলাম, সারাহ বেগম কবরী, কোহিনূর আক্তার সুচন্দা, নাসির উদ্দিন ইউসুফ, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, সাইদুল আনাম টুটুল, কাজী মোরশেদ, আবু সাইয়ীদ, তৌকীর আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, গোলাম রাব্বানী বিপ্লব, মুরাদ পারভেজ, নুরুল আলম আতিফ, গিয়াসউদ্দিন সেলিম, এনামুল করিম নির্ঝর, টোকন ঠাকুর ও নোমান রবিন। এ সময় চলচ্চিত্র নির্মাতা মশিউদ্দিন শাকের উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের মাটির ময়না। সপ্তাহব্যাপী এই উৎসবে প্রদর্শনের জন্য সমকালীন ৫০০ চলচ্চিত্র থেকে বাছাই করে ২০টি নির্বাচন করা হয়েছে।