সম্প্রতি ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘কেলোর কীর্তি’ সিনেমাটি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় তাদের ‘অস্বাভাবিক সহযোগিতা’ করেছে বলে অভিযোগ করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। তাঁরা অভিযোগ করেছেন, ভারতীয় সিনেমা আমদানি-রপ্তানি ইস্যুতে তথ্য মন্ত্রণালয় তাদের সঙ্গে ‘বিমাতাসুলভ’ আচরণ করছে। অন্যদিকে এ নেতারাই তথ্য মন্ত্রণালয়ের বিমাতাসুলভ আচরণ হয়তোবা শেষ হয়েছে বলে মন্তব্য করে আনন্দও প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন। দেশীয় ছবিগুলো দর্শক চাহিদা পুরোপুরি পূরণ করতে পারে না বলে ভারতীয় ছবি আমদানি করতে হচ্ছে বলে মন্তব্য করে সমিতির নেতারা অভিযোগ তুলেছেন, তথ্য মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতার কারণেই ভারত-বাংলাদেশ সিনেমা আদান-প্রদান প্রক্রিয়া নিয়ে এত বিতর্ক উঠছে।
তাঁরা দাবি করেন, সাফটা চুক্তির সুবিধাভোগী ভারতীয় চলচ্চিত্র ব্যবসায়ীরা বাংলাদেশে সিনেমা রপ্তানির নামে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চাইছেন। সিনেমার প্রদর্শন ও পরিবেশন ইস্যুতে বাংলাদেশের প্রদর্শক-পরিবেশকদের কোনো তোয়াক্কাই করতে চাইছেন না তারা।
সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বাংলাদেশি সিনেমার বিপরীতে সমসংখ্যক ভারতীয় সিনেমা আমদানি করলেও নানা আমলাতান্ত্রিক জটিলতায় সেগুলো সেন্সর সনদ পায় না। যখন এই সনদ দেওয়া হয়, তখন সিনেমাগুলো নানা মাধ্যমে দর্শক দেখে ফেলে। ফলে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হই।’ তিনি আরও বলেন, ‘ভারতীয় চলচ্চিত্র আমদানি-রপ্তানি ইস্যুতে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হলেও ভেঙ্কটেশ ফিল্মস সেসব কমিটি ও নীতিমালার “তোয়াক্কা” করছে না। তারা চাইছে একচেটিয়া ব্যবসা করতে। তাদের বাংলাদেশি এজেন্ট ভারতের ছবি আমদানি করবে, দেশে প্রদর্শন করবে। বাংলাদেশে কি পরিবেশক-প্রদর্শক নেই? এটা তো আমরা হতে দিতে পারি না।’
সমিতির সহসভাপতি সুদীপ্ত কুমার দাস বলেন, ‘ভারতের মালিকানাধীন ছবি ফিক্সড রেন্টাল অথবা পার্সেন্টেজ ভিত্তিতে রপ্তানি করবে-ভারতীয় কোম্পানি। স্থানীয় আমদানিকারক সেসব ছবি আমদানি করলে স্থানীয় প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক সিদ্ধান্ত নেবে সিনেমাগুলো কীভাবে কোন হলে প্রদর্শিত হবে। কিন্তু এখন তো দেখছি, ভারতীয় প্রদর্শকদের সহজে অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’
নেতারা বলেন, সমসাময়িক সিনেমাই আমদানি করতে হবে। আমদানির বিপরীতে যে সিনেমাটি রপ্তানি করা হবে, সেটি আবেদনের এক বছরের মধ্যে নির্মিত হতে হবে। যাচাই-বাছাই কমিটি এসব সিনেমার ব্যাপারে নিজেদের মূল্যায়ন জানাবে। দুই দেশের প্রযোজক, পরিবেশক, প্রদর্শকদের স্বার্থ যেন রক্ষা হয়, সে ব্যাপারেও নজর রাখতে হবে।’
ভারতীয় সিনেমা আমদানির বিপক্ষে এক বছর ধরে আন্দোলন করে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট দাবি করছে, বাংলাদেশের কম বাজেটে নির্মিত পুরোনো সিনেমার বিপরীতে আমদানিকারকেরা বিগ বাজেটের ভারতীয় সিনেমা আমদানি করছেন।
এই প্রসঙ্গে প্রশ্ন তোলা হলে সমিতির সাধারণ সম্পাদক মিঞা আলাউদ্দিন বলেন, দেশীয় ছবিগুলো আমাদের দর্শক চাহিদা পুরোপুরি পূরণ করতে পারে না। দেশের হলগুলো চালানোর মতো পর্যাপ্ত ছবি নেই। যেগুলো নির্মিত হয়, তার অধিকাংশই ‘নিম্নমানের’। এই কারণেই তারা ‘বাধ্য’ হয়েই ভারতীয় ছবি আমদানি করছেন।
বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট সমিতিকে উদ্দেশ করে তাঁরা বলেন, ‘ভারতীয় ছবি আমদানির বিরোধিতা করে তারা আসলে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে। মানসিক বৈকল্যে ভোগা নেতারা বস্তাপচা স্লোগান তুলছেন।’
সংবাদ সম্মেলনে শেষের দিকে আসেন রাজধানীর ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতার স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ। তাঁর প্রতিষ্ঠান মধুমিতায় শঙ্খচিল ছবিটির মাত্র ৬০ হাজার টাকার টিকিট বিক্রি হওয়ার তথ্য দিয়ে বলেন, বেশির ভাগ ক্ষেত্রে দেশীয় চলচ্চিত্রগুলো দর্শক টানতে ব্যর্থ হচ্ছে নানা কারণে। তিনি বলেন, ইতিমধ্যে দেশে অনেকগুলো সিনেমা বন্ধ হয়ে গেছে। দর্শকের চাহিদা এবং ব্যবসায়িক বাস্তবতা উপলব্ধি না করতে পারলে আরও অনেক হল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া জরুরি।’
দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের পাশাপাশি প্রেক্ষাগৃহের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রশ্ন করা হলে সঠিক জবাব দেননি চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।