দেশে আসছেন প্রিয়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়তি
প্রিয়তি

মিজ আয়ারল্যান্ড খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মডেল মাকসুদা আকতার প্রিয়তি দেশে আসছেন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি দেশে আসবেন তিনি। মিজ আয়ারল্যান্ড নির্বাচিত হওয়ার পর এটাই নিজ দেশে তাঁর প্রথম আসা। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। আয়ারল্যান্ড থেকে মুঠোফোনে জানান, ঢাকার অদূরে প্রতিষ্ঠিত অলাভজনক বেসরকারি সংগঠন সুবর্ণগ্রামের কাজের সঙ্গে যুক্ত হতে তিনি দেশে আসছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করার ইচ্ছা আমার। এ কারণেই দেশে আসা। আয়ারল্যান্ড থেকেই জেনেছি, সুবর্ণগ্রাম শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। তাই একজন স্বেচ্ছাসেবক হিসেবে তাদের সঙ্গে যুক্ত হতে চাই।’
প্রিয়তিকে স্বেচ্ছাসেবক হিসেবে পেয়ে খুশি সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহেদ কায়েসও। তিনি বলেন, ‘মাকসুদাকে আমি অনেক দিন থেকেই চিনি। সামাজিক কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করার স্বপ্ন তাঁর মধ্যে সব সময়ই ছিল। আমাদের সঙ্গে যোগ দেওয়ায় তাঁকে স্বাগত জানাই।’
সপ্তাহ খানেক দেশে থাকবেন প্রিয়তি। এ সময় শুধু সুবর্ণগ্রামের সঙ্গেই কাজ করবেন তিনি। বাংলাদেশি একটি সিনেমায় কাজ করার কথা থাকলেও বিষয়টি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘পেশাদারির জায়গা থেকে ভালো কাজের সুযোগ পেলে অবশ্যই করব। বাংলাদেশে যেকোনো কিছুতেই আমার আগ্রহ রয়েছে।’
প্রিয়তি প্রায় ১৩ বছর ধরে আয়ারল্যান্ডে বাস করছেন। পড়াশোনা শেষ করে তিনি মডেলিং করার পাশাপাশি বৈমানিক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। কাজ করছেন ফ্লাইট ইনস্ট্রাকটর হিসেবে। এ বছরের শুরুতে তিনি মিজ আয়ারল্যান্ড নির্বাচিত হন।