দেশে ফিরছেন মীরাক্কেল প্রতিযোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাইয়ে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬ অসামসালা পর্বের শুটিং শেষে দেশে ফিরবেন বাংলাদেশের প্রতিযোগীরা। সেখানে একটি ছবিতে তাঁরা অভিনয় করছেন বলে শোনা গিয়েছিল। ছবিটি আপাতত হচ্ছে না বলে এই প্রতিযোগীরা আগামী মাসে ফিরে আসবেন। আজ শুক্রবার সকালে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে আবু হেনা রনি এ কথা জানিয়েছেন।ভারতের জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬ অসামসালায় এখন লড়ছেন বাংলাদেশের বেশ কয়েকজন প্রতিযোগী। এর মধ্যে আছেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বাংলাদেশের নাটোরের ছেলে আবু হেনা রনি ও দ্বিতীয় রানারআপ ঢাকার কল্যাণপুরের প্রতিযোগী আনোয়ারুল আলম সজল। আরও আছেন ঢাকার উত্তরার প্রতিযোগী ইশতিয়াক নাসির। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠানটির পরিচালক শুভংকর চট্টোপাধ্যায় ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এতে মীরাক্কেল প্রতিযোগীরা অভিনয় করবেন। সে অনুযায়ী মীরাক্কেলে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিযোগীদের আরও বেশি সময় সেখানে থাকার কথা ছিল। কিন্তু ছবির প্রকল্পটি আপাতত স্থগিত হয়ে গেছে। এ জন্য কলকাতায় থাকা হচ্ছে না বাংলাদেশি প্রতিযোগীদের। মুঠোফোনে প্রথম আলো ডটকমকে আবু হেনা রনি বলেন, ‘শুভংকর দা এ মুহূর্তে নতুন আরও কয়েকটি রিয়ালিটি শো নিয়ে ব্যস্ত। এগুলোর কাজ শেষ হতে আরও বেশ কয়েক মাস সময় লাগবে। সে জন্য আপাতত ছবিটির শুটিং শুরু করা সম্ভব হচ্ছে না। তাই আমরা জুলাইয়ের ১০ তারিখের মধ্যে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।’রনি বলেন, ‘এর মধ্যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন নির্মাতা মুঠোফোন ও ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচালিত নাটকে অভিনয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। দেশে ফিরে তাঁদের সঙ্গে আলাপ করে কাজ শুরু করব।’ গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে প্রথম আলো ডটকমকে ইশতিয়াক নাসির বলেন, ‘শুভংকর দা আমাদেরকে নিয়ে যে ছবিটা করতে চেয়েছিলেন, তা আপাতত হচ্ছে না। তা ছাড়া এখানে (কলকাতায়) আমাদের মীরাক্কেল ছাড়া অন্য কোনো কাজের অনুমতি নেই। মীরাক্কেল অসামসালা অনুষ্ঠানের শুটিং শেষ হবে আগামী ৫ জুলাই। এরপর আমরা বাংলাদেশে ফিরব।’এদিকে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬-এর আরেক প্রতিযোগী মো. জামিল হোসেন এখন বাংলাদেশে অবস্থান করছেন। এর মধ্যে গান ও নাটকের কাজ শুরু করেছেন। সামনে চলচ্চিত্রেরও কাজ শুরু করবেন। কয়েকজন পরিচালকের সঙ্গে এ ব্যাপারে জামিলের আলাপও চূড়ান্ত হয়েছে। শুভংকর চট্টোপাধ্যায়ের সম্ভাব্য এই চলচ্চিত্রে তাঁরও অভিনয় করার কথা ছিল। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘কলকাতায় থাকাকালে ছবিতে আমার কাজ করার ব্যাপারে জেনেছিলাম। কিন্তু দেশে আসার পর থেকে এখন পর্যন্ত সেখান থেকে ছবিটির ব্যাপারে কোনো কিছু জানতে পারিনি। রনি, ইশতিয়াক ও সজল—তাঁরাও আমাকে ছবিটির ব্যাপারে সেভাবে কিছু বলতে পারিনি। আসলে প্রথমে যেভাবে শুনেছিলাম, তাহলে তো এত দিনে ছবিটির কাজ অনেক দূর এগোনোর কথা। কিন্তু সে রকম কোনো লক্ষণ দেখছি না।’এর আগে শুভংকর চট্টোপাধ্যায় ‘হাঁদা ভোদা’ নামে একটি চলচ্চিত্র তৈরি করেন। ছবিটি কিন্তু ব্যবসায়িকভাবে সফলতার মুখ দেখেনি। ছবিটিতে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মৃদুল অভিনয় করেন।