দেশে ফিরেই শুটিংয়ে রোজিনা

বাংলাদেশের চলচ্চিত্রের একসময়ের ব্যস্ত অভিনেত্রী রোজিনা এখন লন্ডনপ্রবাসী। মাঝেমধ্যে তাঁর দেশে ফেরা হয়। এবার ফিরলেন ১০ জুন। দেশে ফেরার দুই দিনের মাথায় গত রোববার রাতে ঈদের একটি অনুষ্ঠানে অংশ নিলেন। ‘তাঁরা তিনজন’ নামের এই অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন চিত্রনায়ক সোহেল রানা ও ফারুক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আরেক চিত্রনায়ক ওমর সানী।

গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে রোজিনা বলেন, ‘দেশের বাইরে থাকার সময়ই অনুষ্ঠানটির ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তাই দেশে ফেরার পরপরই শুটিং করে ফেললাম। শুটিংয়ের সময় আমাদের দারুণ কিছু মুহূর্ত কেটেছে। চলচ্চিত্র নিয়ে অনেক স্মৃতি রোমন্থন করেছি। এক সুযোগে বহুদিন পর পারভেজ ভাই (সোহেল রানা) ও ফারুক ভাইয়ের সঙ্গে চমৎকার একটা আড্ডাও হয়ে গেল।’
রোজিনা জানান, এবার তিনি মাস দুয়েকের মতো দেশে থাকবেন। এই সময়টায় সিনেমা নিয়ে তাঁর কয়েকটি পরিকল্পনা আছে। তার আগে অবশ্য ঈদের জন্য বাংলাভিশন আর গাজী টিভির অনুষ্ঠানেও অংশ নেবেন।
অনুষ্ঠানটির উপস্থাপক ওমর সানী বললেন, ‘আমি যে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি, সেখানকার তিনজন অতিথিই কিংবদন্তি। তাঁদের সঙ্গে এমনিতে হয়তো বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাৎ হয়। এভাবে আয়োজন করে কোনো আলাপ হয় না। সেদিন আমরা সবাই প্রাণ খুলে আড্ডা দিয়েছি। খুনসুটিতে মেতে উঠেছি। ঈদ নিয়ে নিজেদের জীবনের মজার ঘটনার পাশাপাশি চলচ্চিত্র নিয়েও কথা বলেছি। সময়টা সত্যিই অসাধারণ কেটেছে।’