দেশে ফিরেই সোনিয়ার ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর প্রবাসজীবন কাটিয়ে গত মাসে ঢাকায় ফিরেছেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত কণ্ঠশিল্পী সোনিয়া। দেশে ফিরে বিজ্ঞাপনের জিঙ্গেল, চলচ্চিত্রের গান, টেলিভিশনের সরাসরি গানসহ নানা ব্যস্ততা ঘিরে ধরেছে তাঁকে। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিঙ্গেল, টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেওয়াসহ চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। সামনে নতুন দুটি গান রেকর্ডিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি দেশে স্টেজ শোতে অংশ নেওয়ার প্রস্তাবও পেয়েছেন তিনি।সোনিয়া জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকে তাঁর স্টেজ শোর ব্যস্ততা শুরু হবে। এখন পর্যন্ত যেসব দেশে স্টেজ শোর ব্যাপারে আলাপ হয়েছে সেগুলো হচ্ছে—জার্মানি, ফ্রান্স, আমেরিকা ও কানাডা।গত ২ অক্টোবর সকালে কানাডার মন্ট্রিল থেকে ঢাকায় ফিরেছেন সোনিয়া। তিন বছর পর দেশে ফিরে সোনিয়া প্রথম আলো ডটকমকে জানান, ‘এত বছর পর দেশে ফিরে চেনা জগতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টিই ছিল আমার জন্য অনেক আনন্দের। আমি খুবই খুশি এই ভেবে যে, সবাই এখনো আমাকে মনে রেখেছেন।’ তিনি আরও জানান, এবারে ছয় মাস কিংবা তারও বেশি দেশে থাকার ইচ্ছা আছে তাঁর। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মিডিয়ায়ও কিছু ভালো কাজ করতে চান তিনি। আর এ জন্য সময়টা একটু বেশি নিয়েই দেশে থাকার কথা ভাবছেন।সোনিয়া তাঁর কথামতোই এগোচ্ছেন। পরিকল্পনা করে চলচ্চিত্রের গানের পাশাপাশি নিয়মিত টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠান এবং বিজ্ঞাপনের জিঙ্গেল ও স্টেজ শো করে যাচ্ছেন তিনি।ইতিমধ্যে নতুন দুটি গান করার ব্যাপারে কিছু পরিকল্পনা করেছেন সোনিয়া। গান দুটিতে সোনিয়া কণ্ঠ দেবেন তিন ভাষায়। দুটি গানের বাংলা ভার্সনের পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভার্সনেও কণ্ঠ দেবেন তিনি। তিন ভাষায় গান করলেও সুর-সংগীত-গায়কি সবই একই থাকবে। শুধু গানের ভাষাটা হবে হিন্দি ও ইংরেজি। ডিসেম্বরের মধ্যেই ওই কাজের অনেকটা শেষ করতে চান সোনিয়া। বাকি কাজগুলো বিদেশে স্টেজ শোর ফাঁকে ফাঁকে করবেন বলে জানিয়েছেন তিনি।সোনিয়া বলেন, ‘ডিসেম্বরের মধ্যে দুটি গানের মোট ছয়টি ভার্সন রেকর্ডিং শেষে মিউজিক ভিডিওর কাজ শুরু করব।’ মিউজিক ভিডিওর জন্য গল্প-নির্মাতা-লোকেশনও চূড়ান্ত করে ফেলেছেন বলে জানান সোনিয়া। তবে আপাতত সে সম্পর্কে আর কিছু বলতে চাইছেন না তিনি।এদিকে এবারের বিদেশ সফরের পাশাপাশি সেখানে মিউজিক ভিডিওর শুটিংও করবেন বলে জানান তিনি। সোনিয়া বলেন, ‘বিদেশে যাচ্ছি স্টেজ শোর আমন্ত্রণে। তবে লক্ষ্য কিন্তু ভিডিও নির্মাণও। সেভাবেই সব প্রস্তুতি নিচ্ছি। বিদেশে শুধু উন্নত প্রযুক্তি দিয়ে নজরকাড়া লোকেশনে শুটিং-ই নয়, গানগুলোর ভিডিও সম্পাদনা-কালার কারেকশনের কাজটাও করতে চাই। তবে একক অ্যালবাম নিয়ে আমি মোটেও ভাবছি না।’‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরের চতুর্থ স্থান অধিকারী সোনিয়া ২০০৯ সালে কানাডাপ্রবাসী জহির আহমেদ পলাশকে বিয়ে করে ওই বছরের জুলাই মাসে কানাডায় চলে যান। সেখানে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। কানাডা যাওয়ার আগ পর্যন্ত সোনিয়া ৩০টির অধিক বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। ২০০৬ সালে প্রকাশিত সোনিয়ার প্রথম একক অ্যালবাম ‘নিঠুর বাঁশি’। আর সর্বশেষ একক অ্যালবাম ছিল হূদয় খানের সংগীত আয়োজনে ‘ভেবে নেবো’। সোনিয়ার তিনটি দ্বৈত অ্যালবামও প্রকাশিত হয়। এগুলো হচ্ছে: ডলি সায়ন্তিনীর সঙ্গে ‘রঙে রঙে’, পলাশের সঙ্গে ‘পালিয়ে যাই’ এবং আসিফের সঙ্গে ‘মন পবনের নাও’।