গাজী টিভিতে আজ রাতে প্রচারিত হবে তিন মিনিটের এক বিরতির নাটক নোলক। লিখেছেন ও পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। অভিনয় করছেন নায়লা আজাদ। কথা হলো তাঁর সঙ্গে।আপনি যুক্তরাষ্ট্রে ছিলেন। আবার যাচ্ছেন কবে?আপাতত যাওয়ার ইচ্ছা নেই। এখানেই থাকার পরিকল্পনা করছি। ঢাকায় এখন কী করছেন?ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশে (ইউল্যাব) পড়াচ্ছি। পাশাপাশি নাটকের কিছু কাজ করছি। কোন নাটকগুলোতে কাজ করছেন?নুরুল আলম আতিকের দুটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছি—নোলক আর ঝরা পালক। একই পরিচালকের একটি ধারাবাহিক করছি—যাদুর শহর। আজ তো ‘নোলক’ নাটকটি প্রচারিত হবে। আমরা এই নাটকের কাজ করতে গিয়েছিলাম চট্টগ্রামে। সাগরের কাছাকাছি এক জেলেপাড়ায়। ওটা প্রখ্যাত লেখক হরিশংকর জলদাসের পাড়া। ছোট্ট একটা পাড়া। হাতেগোনা কয়েকটি ঘর। বৃষ্টির দিন। কাদার জন্য হাঁটতে অসুবিধা হচ্ছিল। আমি যে দৃশ্যটা দেখেছিলাম, তা ছিল চমৎকার। কিন্তু টিভির পর্দায় তা পাওয়া যায় না। আমাদের এখানে কারিগরি দিকটা অনেক দুর্বল। এখন এই দিকটায় দৃষ্টি দেওয়ার সময় এসেছে। গাজী টিভিতে ‘যাদুর শহর’ ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে। এ নাটকের কাজ কোথায় করছেন?ঢাকার উত্তরখানে। জায়গাটার নাম কোলার টেক। আমার অংশটির কাজ হচ্ছে এখানে। যদি অভিজ্ঞতার কথা শুনতে চান, তা হলে এককথায় বলব চমৎকার। কিন্তু টিভিতে যখন দেখি, তখন হতাশ হয়ে যাই। কারণ, সেই কারিগরি সমস্যা।আপনি হলিউডের চলচ্চিত্র ও টিভিতে কাজ করেছেন। এখন বলুন, কারিগরি দিকটাকে কীভাবে উন্নত করা যায়?ক্যামেরা, লাইট, সাউন্ড, এডিটিং—এ বিভাগগুলোতে যাঁরা কাজ করছেন; তাঁদের জন্য স্বল্প মেয়াদের প্রশিক্ষণের সুযোগ করে দিতে হবে। পাশাপাশি যাঁরা এ কাজগুলোর সঙ্গে যুক্ত আছেন, শেখার ব্যাপারে তাঁদেরও আগ্রহী হতে হবে।