দেশের গর্ব আবিদ
‘নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে’—রবীন্দ্রনাথের এই গানকে কণ্ঠে ধারণ করে অকালপ্রয়াত তরুণ রবীন্দ্রসংগীতশিল্পী আবিদ শাহরিয়ারকে স্মরণ করা হয়েছে গতকাল।খুলনায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে ঐতিহ্যবাহী উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ-শিল্পী অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ।শোকসভায় বক্তারা বলেন, তরুণ সংগীতশিল্পী আবিদ শাহরিয়ার ছিল দেশের তরুণ সমাজের গর্ব। বক্তব্য দেন কবি আবু বকর সিদ্দিক, খুলনার জেলা প্রশাসক জমসের আহম্মাদ খন্দকার, সদ্য গঠিত আবিদ স্মৃতি পরিষদের আহ্বায়ক প্রবীণ আইনজীবী মইল উদ্দিন আহমেদ, আবিদের ৯৫ বছর বয়সী পিতামহ মিনা সামসুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সম্পাদক কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া, সংগীতগুরু কালিপদ দাস, প্রদীপ রাহা, রায়চৌধুরী প্রশান্ত, তারকচন্দ্র কুন্ডু, অধ্যাপক শংকর মল্লিক এবং আবিদের বন্ধু মালিক মিশকাত ও সালাহ উদ্দিন কায়সার। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করে সমবেত রবীন্দ্রসংগীত পরিবেশন করা হয়।