দেশের গান নিয়ে ফাহমিদা
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের গান করেছেন ফাহমিদা নবী। অ্যালবামের নাম প্রিয় বাংলাদেশ। গানগুলোতে ফাহমিদার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা রাজীব, কিশোর, মুহিন, পুলক, পুতুল, রিংকু ও সাব্বির।তরুণ শিল্পীদের নিয়ে গান করা প্রসঙ্গে ফাহমিদা নবী বললেন, ‘ওরা আসলে অনেক কিছুই করতে চায়। আমি শুধু ওদের চাওয়াটাকে কিছুটা এগিয়ে দিয়েছি মাত্র। তা ছাড়া দেশের গানের অ্যালবামের প্রতি আমার দুর্বলতা রয়েছে। তাই অ্যালবামে কাজ করার সুযোগটা মিস করতে চাইনি।’ফাহমিদা নবী আরও বলেন, ‘ক্লোজআপ ওয়ানের বিচারকাজ পরিচালনার সময় থেকেই ওদের দেখে আসছি। ওরা আসলেই প্রতিভাবান। তা ছাড়া ওদের মধ্যে উচ্ছ্বাসটা অনেক বেশি। ওদের এই উচ্ছ্বাসের মাত্রাটা আরেকটু সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্যই অ্যালবামটিতে আমার গান করা।’ অ্যালবামের সব কটি গানের সুর এবং বেশির ভাগ গানের কথা লিখেছেন লুৎফর হাসান। অন্য গীতিকারেরা হলেন জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও মাহমুদ মানজুর। লুৎফর হাসান জানান, এরই মধ্যে অ্যালবামের সব কটি গানের ধারণকাজ সম্পন্ন হয়েছে। বিজয়ের এই মাসেই অ্যালবামটি বাজারে আসবে। এর সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল।