দেশের গান নিয়ে ফাহমিদা নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে ফাহমিদা নবী দেশের গানের অ্যালবাম নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। ‘প্রিয় বাংলাদেশ’ শিরোনামের এ অ্যালবামে ফাহমিদা নবীর সঙ্গে গেয়েছেন সাতজন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা। এঁরা হলেন—রাজীব, কিশোর, মুহিন, পুলক, পুতুল, রিংকু ও সাব্বির। দেশের গান দিয়ে সাজানো এই অ্যালবামের সবগুলো গানের সুর এবং বেশির ভাগ গানের কথা লিখেছেন লুৎফর হাসান। পারভেজ জুয়েলের সংগীতায়োজনে অ্যালবামে আরও গান লিখেছেন জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও মাহমুদ মানজুর। অ্যালবামে স্থান পাওয়া গানের শিরোনামগুলো হলো—‘শিশির স্বদেশ’, ‘প্রিয় বাংলাদেশ’, ‘মুক্তি সেনা’, ‘ধুলো ধূসর’, ‘ঝিলের জলে’, ‘ভালোবাসি বাংলাদেশ’ প্রভৃতি। অ্যালবামে মোট গান থাকবে আটটি। এর মধ্যে তিনটি দ্বৈত এবং বাকি পাঁচটি একক।ক্লোজআপ ওয়ানের তরুণ শিল্পীদের নিয়ে গান করা প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘ওরা আসলে অনেক কিছুই করতে চায়। আমি শুধু ওদের চাওয়াটাকে কিছুটা এগিয়ে দিয়েছি মাত্র। তা ছাড়া দেশের গানের অ্যালবামের প্রতি আমার একটি দুর্বলতা বরাবরই কাজ করে। দেশের গানের একরকম একটি অ্যালবামের সঙ্গী হওয়ার সুযোগটাও মিস করতে চাইনি।’ফাহমিদা নবী আরও বলেন, ‘ক্লোজআপ ওয়ানের বিচারকাজ পরিচালনার সময় থেকেই ওদের দেখে আসছি। ওরা সবাই আসলে বেশ প্রতিভাবান। তা ছাড়া ওদের মধ্যে উচ্ছ্বাসটাও অনেক বেশি। মূলত ওদের উচ্ছ্বাসের মাত্রাটাকে আরেকটু সামনের দিকে সামনে এগিয়ে দেওয়ার জন্যই অ্যালবামে গান করা।’ প্রিয় বাংলাদেশ অ্যালবামের সুরকার-গীতিকার লুত্ফর হাসান বলেন, ‘এরই মধ্যে অ্যালবামের সবগুলো গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রযোজনা প্রতিষ্ঠান চূড়ান্ত হয়নি। আশা করছি, ব্যানার চূড়ান্ত করেই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যালবামটি শ্রোতাদের হাতে পৌঁছাতে পারব।’