দেশের চার অঞ্চলে শুরু হচ্ছে বইমেলা

পাঠক ও পাঠাভ্যাস বৃদ্ধির মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মানসে দেশের চারটি বিভাগে শুরু হতে যাচ্ছে বইমেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় এই বইমেলা আয়োজিত হবে। আগামী শনিবার ২৮ নভেম্বর রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বিভাগীয় বইমেলা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হবে এই কার্যক্রম।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর আজ বৃহস্পতিবার সকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন। সংবাদ ব্রিফিংয়ে সংস্কৃতিমন্ত্রী জানান, মানবিক বোধসম্পন্ন মুক্তচিন্তার মানুষ তৈরির মাধ্যমে একটি অসাম্প্রদায়িক সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ১৭টি অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ২৮ নভেম্বর রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়েছে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জানান, এরই ধারাবাহিকতায় দিনাজপুর ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর, চট্টগ্রামে ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি ২০১৬ ও সিলেটে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে। এ ছাড়া, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করা হবে বলেও তিনি সাংবাদিকদের জানান। তিনি বলেন, বিভাগীয় ও জেলা শহরে যেসব বইমেলার আয়োজন করা হচ্ছে সেখানে ঢাকা থেকে প্রকাশকগণ তাঁদের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় বই নিয়ে অংশগ্রহণ করবেন। ফলে তৃণমূলে পাঠক ও পাঠাভ্যাস বৃদ্ধি পাবে এবং সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে।
আসাদুজ্জামান নূর বলেন, গত দুই অর্থবছরে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, কুমিল্লা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করা হয়েছে এবং তা অঞ্চলভিত্তিক ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। এসব বইমেলায় ঢাকা থেকে ৬০-৭০টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। এবারের বইমেলাগুলোতে আরও বেশিসংখ্যক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে তিনি সাংবাদিকদের জানান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক ও সৃজনশীল সমাজ গড়ে তুলতে, চেতনাকে বিকশিত করতে এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে বইয়ের ভূমিকা গভীর তাৎপর্যবাহী। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বইমেলা। বইমেলাকে আমরা ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূলে নিয়ে যেতে চাই। এ লক্ষে বিভাগীয় ও জেলা শহরে বইমেলা আয়োজনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, এই অর্থবছরে আমরা উল্লিখিত চারটি বইমেলা ছাড়াও ঢাকার বাইরে আরও একাধিক বইমেলার আয়োজন করব। পরবর্তী বছরগুলোতে এই বইমেলা যাতে সব বিভাগীয় ও জেলা শহরে আয়োজন করা যায় পর্যায়ক্রমে সে উদ্যোগ নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকতারী মমতাজ, অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান, অতিরিক্ত সচিব মাহবুবা মশকুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি ও অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (চলতি দায়িত্ব) হোসনে আরা আক্তার প্রমুখ।